আলোচনার প্রস্তাব নাকচ করে দিল উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া আলোচনার যে প্রস্তাব দিয়েছে, সেটি ‘আন্তরিকতাহীন’ বলে উত্তর কোরিয়া নাকচ করে দিয়েছে। পাশাপাশি তাদের ওপর জাতিসংঘের সর্বশেষ কয়েকটি নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে দেশটি গতকাল সোমবার বলেছে, তারা যুক্তরাষ্ট্রের হুমকির কারণে পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো সমঝোতায় যাবে না।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কিউয়াং-হোয়া গত রোববার ফিলিপাইনে আসিয়ানের বৈঠকের এক ফাঁকে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোর সঙ্গে আলাপচারিতার সময় নিজ দেশের অবস্থান তুলে ধরেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পরে বলেছে, বিতর্কিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি-ধমকি থাকলে কোনো সমঝোতা আলোচনা হতে পারে না।

জাতিসংঘ গত শনিবার উত্তর কোরিয়ার ওপর নতুন কিছু নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। পিয়ংইয়ং সেগুলো প্রত্যাখ্যান করে বলেছে, এসব নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের পরিপন্থী।

হুঁশিয়ারি উপেক্ষা করে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম জানায়, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং রোববার ম্যানিলায় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাংয়ের সঙ্গে করমর্দন করেন এবং অনির্ধারিত বৈঠকে অংশ নেন।

পিয়ংইয়ংয়ের মিত্র হিসেবে পরিচিত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল সোমবার বলেছেন, ‘আমার মনে হয় উত্তর কোরিয়া তাদের প্রতিবেশী দেশের ইতিবাচক প্রস্তাব পুরোপুরি প্রত্যাখ্যান করেনি। দক্ষিণ কোরিয়ার উদ্যোগে চীনেরও সমর্থন রয়েছে।’

উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ গতকাল বলেছে, পিয়ংইয়ং তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে এবং যুক্তরাষ্ট্রের হুমকির মুখে আত্মরক্ষামূলক এ কর্মসূচিকে আলোচনার টেবিলে নিয়ে যাবে না।

পিয়ংইয়ংকে মোকাবিলার কৌশল নিয়ে অন্যান্য দেশের সঙ্গে রাশিয়া ও চীন একসময় ভিন্নমত পোষণ করলেও সম্প্রতি তারাও উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে টেলিফোনে কোরীয় উপদ্বীপ পরিস্থিতি নিয়ে কথা বলেন। সেখানে উত্তর কোরিয়া যে একটি বড় হুমকি হিসেবে বিকশিত হচ্ছে, সে বিষয়ে তাঁরা একমত হন এবং জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞাগুলো পুরোপুরি বাস্তবায়নের অঙ্গীকার করেন।