সমঝোতার জন্য সময় বাড়ল সাত মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্য নিয়ে আয়োজিত ভিয়েনা আলোচনা গতকাল সোমবার শেষ হয়েছে কোনো সমঝোতা ছাড়াই। তবে স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচনার সময় আরও সাত মাস বাড়িয়েছে ইরান ও ছয় বিশ্বশক্তি। খবর এএফপির।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে আলোচনা শুরু হয় গত মঙ্গলবার। বিষয়টি নিয়ে চলতি বছর এ নিয়ে দুই দফায় আলোচনার টেবিলে বসল দুই পক্ষ। কিন্তু কোনো সমাধান হলো না।

আলোচনা শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেন, ‘আজকের মধ্যে সমঝোতায় পৌঁছার যে সময়সীমা নির্ধারিত ছিল, তা অর্জন করা সম্ভব নয় বলে মনে হয়। এ জন্য সময়সীমা আরও সাত মাস বাড়ানো হয়েছে।’

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আগামী মাস থেকে আবার আলোচনা শুরুর কথা বললেও সেই আলোচনা কোথায় হবে তা জানাননি। তবে পশ্চিমা একটি কূটনৈতিক সূত্র জানায়, আলোচনা হতে পারে ভিয়েনা অথবা ওমানে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এখন তিনটি বিষয়ে মতপার্থক্য রয়েছে। প্রথমটি, ইরান কোন মাত্রা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। বিশ্বশক্তিগুলোর অবস্থান হলো, পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের কাছাকাছি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি পাবে না ইরান। কিন্তু ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে স্বীকৃতি চাইছে, তা পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ের।

দ্বিতীয়ত, ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল। ইরান চায় যত দ্রুত সম্ভব তেহরানের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল করা হোক। কিন্তু বিশ্বশক্তিগুলো বলছে, ইরানকে আগে পারমাণবিক কর্মসূচি সীমিত করার অঙ্গীকার নিশ্চিত করতে হবে। তার পরে নিষেধাজ্ঞা শিথিলের প্রশ্ন আসবে।

মতপার্থক্যের তৃতীয় বিষয় পারমাণবিক বোমার প্রযুক্তি। ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দলকে তার পারচিন সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি। এ ছাড়া তেহরানের বিরুদ্ধে পারমাণবিক পরীক্ষা চালানোরও অভিযোগ রয়েছে। এসব বিষয়ে দেশটি ছয় বিশ্বশক্তিকে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে।