আলোচনায় আবার সবুজ চোখের মেয়েটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীতে শরবত গুলা।
ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীতে শরবত গুলা।

বিপন্নতা, অসহায়ত্ব, উদ্বেগ—কী ছিল না চোখ দুটিতে। জ্বলজ্বলে সবুজ চোখে যেন সারা দুনিয়ার মানুষের চোখে চোখ রেখে কথা বলছিল ওই কিশোরী।

আলোকচিত্রী স্টিভ ম্যাককারির তোলা আফগান কিশোরী শরবত গুলার ছবি ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদ হয় ১৯৮৫ সালে। সাময়িকীটির সবচেয়ে আলোচিত প্রচ্ছদ তো বটেই, দুনিয়ার আলোকচিত্রের ইতিহাসেও বিশেষ জায়গা করে নেয় ছবিটি। শরণার্থীশিবিরে থাকা শরবত গুলার কাহিনি গত বছর থেকে আবার আলোচনায় আসে। তাঁর খোঁজ মেলে পাকিস্তানে। পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থা গত বছরের ২৬ অক্টোবর শরবতকে গ্রেপ্তার করে। দুই সপ্তাহ পর তিনি জামিনে মুক্তি পান। এরপর তাঁকে বহিষ্কার করে পাকিস্তান।

৪০ পার হওয়া শরবত গুলা এখন অনেকটাই অসুস্থ। অনেক ঝড়ঝাপটা এসেছে জীবনে। পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে আফগানিস্তানে গিয়ে বাস করছেন তিনি। জাল পরিচয়পত্রের কারণে গত বছর তাঁকে পাকিস্তান ছাড়তে হয়। সম্প্রতি বিবিসিকে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

সবুজ চোখের আফগান গার্ল শরবত গুলার এই ছবিই বিখ্যাত হয়েছিল। ছবি: রয়টার্স
সবুজ চোখের আফগান গার্ল শরবত গুলার এই ছবিই বিখ্যাত হয়েছিল। ছবি: রয়টার্স

পাকিস্তানে কাটানো দিনগুলো স্মরণ করে শরবত গুলা বলেন, ‘৩৫ বছর পাকিস্তানে কাটিয়েছি। খুব সুন্দর জীবন ছিল। আশা করিনি, সরকার এত কঠোর আচরণ করবে, আমাকে জেলে পুরবে।’

যদিও পাকিস্তানে দিনগুলোতে নানা সমস্যা ছিল। তিনি বলেন, ‘অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। অন্য দেশে শরণার্থী ছিলাম। স্বামী ও বড় মেয়ে সেখানে হেপাটাইটিস সি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।’

শরবত গুলা বলেন, ‘এখন নিজ দেশে ফিরে খুব খুশি আমি। প্রেসিডেন্ট আশরাফ ঘানি, সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ সব আফগান আমাকে সাহায্য করেছে।’

সুযোগ দেওয়া হলে অন্য কিছু করতেন কি না, এ প্রশ্নের জবাবে শরবত বলেন, ‘আমি যদি আবার ১০ বছর বয়সে ফিরতে পারতাম, তবে পড়াশোনা করতাম। ১৩ বছর বয়সে বিয়ে করতাম না।’

শরবত গুলার ঠিকানা এখন আফগানিস্তানের কাবুলে। ছবি: রয়টার্স
শরবত গুলার ঠিকানা এখন আফগানিস্তানের কাবুলে। ছবি: রয়টার্স

ন্যাশনাল জিওগ্রাফিতে ছবি প্রকাশিত হওয়ার পর তাঁর সুবিধার চেয়ে অসুবিধা বেশি হয়েছিল বলে জানান তিনি।

শরবত বলেন, ‘খ্যাতি যেমন এনেছে, তেমনি জেলও খাটতে হয়েছে। তবে সব সমস্যা কাটিয়ে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই, যার মাধ্যমে মানুষ বিনা মূল্যে চিকিৎসা পাবে। এর আগে আমি গ্রামে থেকেছি। আমি ছবি ও মিডিয়া পছন্দ করতাম না। তবে যে ছবি আমাকে খ্যাতি ও সম্মান এনে দিয়েছে, তার জন্য আমি খুশি। ওই ছবি থেকে আসা অর্থ বিধবা ও এতিমদের সাহায্য করছে। এতে আমি গর্বিত।’

শরবত বলেন, ‘আমি শান্তি চাই ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, কাউকে যেন জোর করে তাঁর দেশ ছেড়ে শরণার্থী না হতে হয়।’

আরও পড়ুন: