আলোচ্যসূচিতে সমুদ্রসীমা বিরোধ ও আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০ দেশের জোট আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) এবং পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন (ইস্ট এশিয়া সামিট-ইএএস) গতকাল বুধবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে শুরু হয়েছে।
পাশাপাশি গতকাল অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিচ্ছেন। খবর বিবিসি, দ্য হিন্দু ও ব্যাংকক পোস্ট-এর।
প্রত্যক্ষ সামরিক শাসনের অবসানের পর গণতন্ত্রের অভিযাত্রায় থাকা মিয়ানমারে এতবড় আন্তর্জাতিক আয়োজন এই প্রথম। এ রকম সম্মেলন আয়োজক দেশটির জন্য তাই একটি পরীক্ষাও।
আসিয়ান সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে ১৮টি দেশের ফোরাম পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন। এটি প্রথম হয় ২০০৫ সালে। আসিয়ানের ১০ সদস্যরাষ্ট্রসহ এর সদস্য চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও রাশিয়া। আসিয়ান নেতাদের বৈঠকের পরই এই পূর্ব এশীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নানা কারণে এবারের ২৫তম আসিয়ান সম্মেলন গুরুত্বপূর্ণ। এবারের আলোচনার একটি বড় অংশ জুড়ে থাকবে দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে চীনের সঙ্গে আসিয়ানভুক্ত দেশগুলোর বিরোধ। জোটভুক্ত ফিলিপাইন ও ভিয়েতনামের সঙ্গে দক্ষিণ চীন সাগরে জলসীমা নিয়ে চীনের দ্বন্দ্ব আছে। সমুদ্রসীমা বিরোধ নিরসনে একটি ‘আচরণবিধি’ তৈরির দাবি করে আসছে আসিয়ান দেশগুলো। চীন দ্বিপক্ষীয়ভাবে এ সমস্যা সমাধান করতে চায় বলে বহুপক্ষীয় পরিসরে একটি চুক্তি হওয়া সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) উত্থান এবং আসিয়ানভুক্ত মুসলিম দেশ যেমন ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে তাদের সদস্য সংগ্রহের বিষয়টি আসিয়ান সম্মেলনে সম্ভাব্য আলোচ্য বিষয় হিসেবে থাকছে। আলোচনা হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে চলমান যৌন দাসত্ব, মানব পাচার এবং শ্রম দাস বিষয়েও।
গতকাল ভারত-আসিয়ান শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদি বলেন, আসিয়ান ও ভারতের সম্পর্কের মধ্যে কোনো ‘কাঁটা নেই’। ভারত ও আসিয়ান বড় সহযোগী হতে পারে। প্রাচীনকাল থেকে এ জোটের দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্য, ধর্ম ও সংস্কৃতির ক্ষেত্রে গভীর সম্পর্ক আছে।
মিয়ানমারের মাধ্যমে মোদি তিনটি দেশ সফর শুরু করলেন। মিয়ানমারের পর তিনি অস্ট্রেলিয়ায় জি-২০ সম্মেলন এবং ফিজি সফর করবেন। গত মঙ্গলবার মিয়ানমার পৌঁছে তিনি দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে আলোচনা করেন। মোদি রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিন-হে এবং সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টনি ট্যানের সঙ্গেও বৈঠক করবেন।