ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে ছয় পরাশক্তির সমঝোতা আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গতকাল শুক্রবার চূড়ান্ত পর্যায়ের আলোচনা শুরু হয়। এ পর্যায়ে কোনো সমঝোতা না হলে গোটা আলোচনাই ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খবর আল-জাজিরা, রয়টার্স ও এএফপির।
সমঝোতা চূড়ান্ত করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী সোমবার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বৃহস্পতিবার ভিয়েনায় রওনা হওয়ার পথে প্যারিসে বলেন, সমঝোতার সময়সীমা বাড়ানোর ব্যাপারে কোনো আলোচনা হয়নি। তাঁরা সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছেন।
ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখার বিনিময়ে বিভিন্ন অবরোধ প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়েছে পরাশক্তিগুলো। তার পরও আলোচনায় সাফল্যের পথে বিভিন্ন বাধা রয়ে গেছে। এসব বাধার ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ অন্যরা উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন জন কেরি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড গত বুধবার বলেন, নির্ধারিত সময়সীমার মধ্যে সমঝোতার ব্যাপারে তিনি ‘আশাবাদী নন’।
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে বেশ কয়েক দফা আলোচনা হলেও সাফল্য আসেনি। পশ্চিমা দেশগুলোর সন্দেহ, পরমাণু কর্মসূচির আড়ালে তেহরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে ওই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানো হচ্ছে।