আলোচনাই ডোকলাম সংকট সমাধানের একমাত্র পথ

ভারত, চীন ও ভুটান সীমান্তের টান টান ও রুদ্ধশ্বাস সামরিক অবস্থান নয় নয় করে পঞ্চাশ দিন পেরিয়ে গেল। সীমান্ত শান্তির খোঁজ এখনো অধরা। অব্যাহত হুমকি দিয়ে চীন বলছে, তাদের জমি থেকে ভারতের সেনা সরানোই আলোচনায় বসার একমাত্র শর্ত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সংসদে বলেছেন, ভারতকে যদি সরতে হয়, চীনকেও তাহলে ডোকলাম ছেড়ে পিছিয়ে যেতে হবে। কারণ, তিন দেশের সীমান্তের ওই ‘তেমাথার’ প্রকৃত দাবিদার এখনো অমীমাংসিত। ২০১২ সালের চুক্তি অনুযায়ী একমাত্র তিন দেশের মধ্যে আলোচনাতেই তার মীমাংসা সম্ভব।
দুই দেশই নিজেদের অবস্থানে অনড়। তাই সীমান্তে একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। চীনা গণমাধ্যম এবং সরকারের কেউ কেউ প্রায় প্রতিদিনই নিয়ম করে মনে করিয়ে দিচ্ছে, তাদের সামরিক শক্তির কাছে ভারত কিছুই নয়। প্রয়োজনে সেই শক্তি প্রদর্শনে তারা পিছপা হবে না। চীন সরকারিভাবে এ কথাও জানিয়ে দিয়েছে, ভারত যেন মনে না করে, অনির্দিষ্টকাল এভাবেই কাটানো যাবে। এ কথাও যেন না ভাবে, নভেম্বর মাস কাটিয়ে দিলেই যাবতীয় সমস্যা বরফের তলায় ঢাকা পড়ে যাবে।
চীনের মতো হুংকার কিন্তু ভারত দিচ্ছে না। ভারতীয় নেতৃত্ব বারবার আলোচনার ওপর জোর দিচ্ছে এবং তথ্য দিয়ে বোঝাতে চাইছে, অপরাধটা ভারত করেনি, করেছে চীন, একতরফাভাবে বিতর্কিত এলাকায় রাস্তা তৈরির উদ্যোগ নিয়ে। ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক যে ঐতিহ্যগতভাবে অনন্য এবং সেই সম্পর্কের সুবাদেই ডোকলামে উপস্থিতি, চীনকে সে কথাও ভারত মনে করিয়ে দিয়েছে।
১৯৬২ সালের যুদ্ধের পর সীমান্তে এই প্রথম কেন এতটা টান টান উত্তেজনা, তার অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোকে অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে ভারতের প্রাধান্য খর্ব করা একটি কারণ অবশ্যই। কিন্তু অন্য কারণ চীনকে উপেক্ষা করার ‘স্পর্ধা’। চীনা প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাধের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এ (বিআরআই) ভারতের পাশাপাশি অনুৎসাহ দেখিয়েছে ভুটানও। চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) ক্ষেত্রে ভারতের আপত্তিও চীনকে অবাক ও ক্ষুব্ধ করেছে। চীন আরও ক্ষিপ্ত, তাদের ‘স্পর্শকাতরতাকে’ আমল না দিয়ে দলাই লামাকে অরুণাচলের তাওয়াংয়ে যেতে ভারতের উৎসাহ জোগানোয়। এই অঞ্চলে ভারতের প্রভাব খর্ব করে প্রতিবেশীদের কাছে তাকে একঘরে করে বিআরআইয়ের উদ্যোগ সার্থক করতে একটা কিছু চীনকে করতেই হতো। ডোকলামই সেই উত্তর।
অভ্যন্তরীণ কারণও আছে। দেং জিয়াও পিংয়ের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার দর্শন থেকে বেরিয়ে শি চিনপিং এখন ভৌগোলিক প্রভাব বিস্তারের স্বপ্নে বিভোর। দক্ষিণ চীন সাগরে প্রভুত্ব বিস্তার এবং ‘বিআরআই’ উদ্যোগে লগ্নির মধ্য দিয়ে পৃথিবীর বিভিন্ন অংশে উপস্থিতি জাহির করে দেশকে ধরাছোঁয়ার বাইরে নেওয়ার স্বপ্ন দেখছেন শি চিনপিং। সামনে চীনা কমিউনিস্ট পার্টির ১৯তম কংগ্রেস। নতুন কেন্দ্রীয় কমিটি সেখানে নির্বাচিত হবে। সাত সদস্যের পলিটব্যুরো, স্ট্যান্ডিং কমিটিও নতুন করে গঠিত হবে। পার্টিতে নিজের অবস্থান দৃঢ় করা তাঁর জন্য জরুরি। জাতীয়তাবাদী চরিত্র তাঁকে বড় করে তুলে ধরতেই হবে। ডোকলাম নিয়ে অনড় অবস্থান থেকে এখনই সরে আসা তাঁর পক্ষে তাই এতটাই কঠিন।
নিরাপত্তা বিশ্লেষক সি রাজামোহন বলেন, ‘তিন-চার বছর ধরে যে নতুন চীনকে আমরা দেখতে পাচ্ছি, তারা অনেক আগ্রাসী। ভারত যে এইভাবে রুখে দাঁড়াবে, তা তারা আন্দাজ করতে পারেনি। রাজীব গান্ধীর সময় থেকে দুই দেশের সম্পর্ক যতটা স্বাভাবিক হচ্ছিল, শি ও মোদির আমলে তা বদলে গেছে। খুব শিগগির হ্যাপি এন্ডিং না হওয়ারই সম্ভাবনা।’
রাজ্যসভায় সুষমা স্বরাজ দুটি গুরুত্বপূর্ণ ও ইঙ্গিতবাহী কথা বলেছেন। তিনি বলেছেন, যুদ্ধ কোনো উত্তর নয়। আলোচনাই একমাত্র উপায়। ভারতকে সেনা সরাতে হলে চীনকেও সরে যেতে হবে। ভারতের বাজারের সঙ্গে চীনের স্বার্থ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। দুই পক্ষই ডোকলাম থেকে সরে গিয়ে তিন পক্ষ মিলে আলোচনায় বসুক। চীন এখনো এই প্রস্তাবে সাড়া দেয়নি। যেভাবে তারা দিনের পর দিন হুমকির তীব্রতা বাড়িয়ে চলেছে, তাতে রাস্তা তৈরির কাজ ছেড়ে চলে যাওয়াটা তাদের পক্ষে সম্ভব নয়। চীন না সরলে ভারতের পক্ষেও সরে আসা অসম্ভব। সে ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় তার কর্তৃত্ব তলানিতে গিয়ে ঠেকবে। ভুটানের সঙ্গে চীনের এখনো কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি। ছোট্ট এই পাহাড়ি রাষ্ট্রের অতিমাত্রায় ভারতনির্ভরতারও অবসান ঘটাতে পারবে চীন, যার হৃত গৌরব ফিরিয়ে আনার ডাক চীনা প্রেসিডেন্টেরই দেওয়া। শির এই স্বপ্ন সফল হলে বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কায় ভারতের প্রভাব কমতে বাধ্য।
ভারতের বিশাল বাজার উপেক্ষা করা চীনের কাছে সম্ভব কি না, এটি বলে সুষমা বাস্তবতার মুখে দাঁড় করাতে চেয়েছেন চীনকে। ২০১৫ সালের হিসাব অনুযায়ী, চীন-ভারত বাণিজ্যের পরিমাণ ৬ হাজার কোটি ডলারেরও বেশি। এর মধ্যে ভারতে তাদের রপ্তানি প্রায় ৫ হাজার কোটি। বাণিজ্যের বিষয়ে চীন অত্যন্ত স্পর্শকাতর। সম্পর্কের অবনতি ঘটালে ভারতের বাজার দখলে রাখা চীনের পক্ষে যে সহজ হবে না, সুষমা স্বরাজ প্রকারান্তরে সেটাই মনে করিয়ে দিতে চেয়েছেন।
সুষমা ১০ আগস্ট কাঠমান্ডু যাচ্ছেন ‘বিমসটেক’ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে। সম্মেলনের ফাঁকে ডোকলাম-সংকট নিয়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুষমার কথা বলার সম্ভাবনা সাউথ ব্লক উড়িয়ে দিচ্ছে না। নেপালকে কাছে পেতে চীনও উঠে পড়ে লেগেছে। চীনের উপপ্রধানমন্ত্রী ওয়াং ইয়াং কাঠমান্ডু যাচ্ছেন সুষমার সফর শুরুর ঠিক চার দিন পর, ১৪ আগস্ট। এর ঠিক ৯ দিনের মাথায় নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা আসছেন দিল্লি। কূটনৈতিক এসব তৎপরতা তুঙ্গে উঠবে আগামী মাসের গোড়ায় চীনে ব্রিকস শীর্ষ সম্মেলনে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন।
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি প্রথম আলোকে বলেন, ‘অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা থাকলেও পার্টি কংগ্রেসের দিন এখনো নির্দিষ্ট করেনি চীন। তার আগে মীমাংসা হওয়ার সম্ভাবনা দেখছি না। কারণ, নিজেদের শর্ত থেকে সরে এলে পার্টি কংগ্রেসের কাছে সরকার দুর্বল প্রতিপন্ন হবে। শি সেটা হতে দিতে পারেন না। তবে বড়সড় সংঘাতও হবে বলে মনে করি না। সেপ্টেম্বরে ব্রিকস সম্মেলনে দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনায় বরফ কিছুটা গলার সম্ভাবনা আছে।’
তার আগে ডোকলাম-সংকট মিটে যাবে কি? এটাই এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন। সম্ভাব্য যে সূত্রটি আলোচিত, তা এরকম—ভুটানের অনুরোধে ভারত সেনা সরাল, চীনও রাস্তা তৈরির কাজ বন্ধ রাখল। তারপর সীমান্ত চূড়ান্ত নির্ধারণে ত্রিপক্ষীয় আলোচনা।
সাবেক কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, ‘যুদ্ধ অবধারিত নয়। কারণ, তাতে চীনের কোনো লাভ নেই তা তারা জানে। ভারত যে রুখে দাঁড়াবে, সেটা ওরা বোঝেনি। ওদের পার্টি কংগ্রেস সামনে। ওদের কঠোর অবস্থান নিতে হবে। কূটনৈতিক সমাধানই একমাত্র উপায়। সীমান্ত বিবাদ মেটানোর প্রকৃত চেষ্টা এখন হবে বলে মনে হয়।’