আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানে সৌদির সমালোচনায় কাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সৌদি আরব ও তার সহযোগী দেশগুলোর দেওয়া শর্তের ব্যাপারে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় সৌদি সরকারের সমালোচনা করেছে কাতার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গতকাল বুধবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি এ সমালোচনা করেন।

এর আগে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত আল-থানি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে বৈঠক করেন।

আলোচনার প্রস্তাব সৌদি আরবের প্রত্যাখ্যান প্রসঙ্গে কাতারের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বলেন, দেশটির সরকারের অবস্থান অগ্রহণযোগ্য। এক মন্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে মূলনীতি, সৌদি আরবের অবস্থান তার বিপরীত। কারণ, দাবির তালিকা দিয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা।

তবে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবেইর টুইটারে বলেছেন, ‘আমাদের দাবির পরিপ্রেক্ষিতে দর-কষাকষির কিছু নেই। এখন এটা পুরোপুরি কাতারের ওপর, চরমপন্থা ও সন্ত্রাসকে মদদ দেওয়া বন্ধ করে যার সমাপ্তি টানতে হবে।’ আবদেল আল-জুবেইরও যুক্তরাষ্ট্র সফর করছেন।

৫ জুন সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইনের সমর্থনে সৌদি আরব ঘোষণা দেয়, তারা কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। দেশগুলোর অভিযোগ, কাতার সন্ত্রাসী সংগঠনগুলোকে সহায়তা করছে। তবে কাতারের সরকার এ অভিযোগ শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে। এই চার দেশের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা আসার পরপরই লিবিয়া, ইয়েমেন ও মালদ্বীপও সম্পর্ক ছিন্ন করে।