আলোচনার সময় বৃদ্ধির ইঙ্গিত দুই পক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্য নিয়ে আয়োজিত ভিয়েনা আলোচনা গতকাল সোমবার শেষ দিনে গড়িয়েছে। কিন্তু স্থায়ী সমঝোতার কোনো আভাস মেলেনি। বরং সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচনার সময় আরও বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। খবর বিবিসির।

ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে স্থায়ী একটি সমঝোতার লক্ষ্যে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে আলোচনা শুরু হয় গত মঙ্গলবার। স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য বেঁধে দেওয়া সময়সীমা বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর পাঁচটায় শেষ হয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেন, ‘বেঁধে দেওয়া সময়সীমার শেষ ২৪ ঘণ্টা শুরু হয় সোমবার (গতকাল)। আমরা বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছি... এই বিকল্পগুলোর মধ্যে স্থায়ী একটি সমঝোতায় পৌঁছানোর জন্য আলোচনার মেয়াদ বৃদ্ধির বিষয়টিও রয়েছে।’

এর আগে ইরানও আলোচনার মেয়াদ বৃদ্ধির বিষয়ে তার ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছিল।

ছয় বিশ্বশক্তির পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে সর্বশেষ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি গতকাল আলোচনায় যোগ দিতে ভিয়েনায় পৌঁছান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা আগেই ওই আলোচনায় যোগ দিয়েছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত রোববার আবারও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেন। এ নিয়ে এই দুই নেতার মধ্যে চার দিনে ছয়টি বৈঠক হলো। তবে বলার মতো কোনো অগ্রগতি হয়নি।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ‘আমরা সময়সীমার দিক থেকে একেবারে শেষ পর্যায়ে আছি। সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমঝোতা সম্ভব না হলে তখন দেখা যাবে, ওই অবস্থান থেকে কোথায় যাওয়া যায়।’

এ আলোচনার মেয়াদ এর আগেও বাড়ানো হয়েছে। চলতি বছরের ২০ জুলাই থেকে পিছিয়ে এই মেয়াদ ২৪ নভেম্বর নির্ধারণ করা হয়।