আলোচিত চলচ্চিত্রের ডিভিডি বেলুনে করে উত্তর কোরিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত দ্য ইন্টারভিউ চলচ্চিত্রের হাজার হাজার ডিভিডি বেলুনে উড়িয়ে উত্তর কোরিয়ায় পাঠিয়েছেন সে দেশ ত্যাগ করা এক ব্যক্তি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যার কাল্পনিক ষড়যন্ত্রের কাহিনি নিয়ে হলিউডে এ ছবিটি নির্মাণ করা হয়েছে। কমিউনিস্ট দেশটি এর তীব্র সমালোচনা করেছিল। খবর রয়টার্সের।
বেলুনে সীমান্তের ওপারে ভিডিও পাঠানো ব্যক্তির নাম লি মিন-বক। তিনি ২০ বছর আগে উত্তর কোরিয়া ছেড়ে দক্ষিণ কোরিয়ায় বসবাস শুরু করেন। মিন-বক গতকাল বুধবার বলেন, উত্তর কোরিয়া থেকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হলেও তিনি পরোয়া করেননি।
মিন-বক বলেন, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চার দফায় হিলিয়াম গ্যাস ভরা বেলুনে করে ডিভিডি ছাড়াও ডলারের নোট এবং উত্তর কোরিয়াবিরোধী প্রচারপত্র আকাশে উড়িয়েছেন। সর্বশেষ গত শনিবার তিনি এ রকম কিছু বেলুন পাঠিয়েছেন।
এভাবে প্রচারপত্র ছড়ানোর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া ক্ষোভ প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ার সরকার জনগণকে প্রচারপত্র ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানালেও বলেছে, এ তৎপরতা বন্ধ করার কোনো আইনি ভিত্তি নেই। মিন-বক রয়টার্সকে বলেছেন, তিনি বেলুন ওড়ানো চালিয়ে যাবেন।