আল-আকসা মসজিদে কয়েক দফা সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের সঙ্গে গতকাল রোববার ফিলিস্তিনিদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ করে এর নিন্দা জানিয়েছেন। পুলিশ দাবি করছে, ‘দাঙ্গা’ ঠেকাতেই তারা ওই মসজিদে প্রবেশ করেছে। খবর এএফপির।
ইহুদি নববর্ষ শুরুর প্রাক্কালে এ সংঘর্ষ ঘটে। মুসলিম ও ইহুদি—দুই সম্প্রদায়ই জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণকে অতি পবিত্র স্থান বলে গণ্য করে। মুসলিমদের কাছে আল-আকসা মসজিদ তৃতীয় পবিত্রতম ধর্মীয় স্থান। ইহুদিরা একে বলে ‘টেম্পল মাউন্ট’।
ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, পুলিশ আল-আকসা মসজিদে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালায়। তারা রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও তীব্র আওয়াজ করার গ্রেনেড ছুড়েছে।
তবে পুলিশ দাবি করছে, তারা ‘দাঙ্গাবাজদের’ আটকে রাখার জন্য মসজিদের দরজাগুলো বন্ধ করে দিয়েছিল। পুলিশের অভিযোগ, ইহুদি দর্শনার্থীদের বাধা দেওয়ার জন্য ‘দাঙ্গাবাজরা’ মসজিদটির ভেতরে দীর্ঘক্ষণ ধরে অবস্থান করছিল। ইহুদি নববর্ষ (রোশ হাশানা) উদ্যাপন বানচাল করে দেওয়াই ছিল দাঙ্গাবাজদের উদ্দেশ্য।