আল-আকসায় তৃতীয় দিনের সংঘর্ষে আহত ৩৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে গতকাল মঙ্গলবার তৃতীয় দিনের মতো ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৬ ফিলিস্তিনি আহত হয়। খবর এএফপি ও আল-জাজিরার।
ইহুদি নববর্ষ শুরুর প্রাক্কালে ইহুদি পর্যটকদের মসজিদ চত্বর পরিদর্শনকে কেন্দ্র করে গত রোববার আল-আকসা প্রাঙ্গণে সংঘর্ষের সূচনা হয়। গতকালও বিক্ষোভকারী ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদ এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। জবাবে পুলিশ স্টান গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
জেরুজালেমবিষয়ক বিভাগের প্রধান সুলায়মান আহমেদ বলেন, মঙ্গলবার সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৩৬ জন ফিলিস্তিনি আহত হয়।
পুলিশ বলছে, ফিলিস্তিনি তরুণেরা দুই দিনের বেশি সময় ধরে ওই মসজিদের ভেতরে অবস্থান করছে। তারা সেখানে ইহুদিদের প্রবেশ রুখতে চায়।
মুসলিম ও ইহুদি—দুই সম্প্রদায়ের কাছেই আল-আকসা একটি পবিত্র স্থান।
জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র আল-আকসা নিয়ে সংযত থাকার জন্য ইসরায়েলি ও ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি জর্ডানও ওই মসজিদে গোলযোগের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে।