জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে গতকাল বৃহস্পতিবার প্রায় দুই সপ্তাহ পর প্রবেশ করতে পারেন ফিলিস্তিনি মুসল্লিরা। মসজিদ প্রাঙ্গণের নিরাপত্তা ও নজরদারির সব ধরনের ব্যবস্থা ইসরায়েলি কর্তৃপক্ষ তুলে নেওয়ার পর ফিলিস্তিনিরা সেখানে প্রবেশ করে নামাজ আদায় করেন। এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মুসল্লিদের আল-আকসায় নামাজ পড়ার আহ্বান জানান।
এর আগে মুসলিম কর্তৃপক্ষ বলেছিল, তারা আল-আকসা এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ না করা পর্যন্ত কেউ যেন সেখানে নামাজ পড়তে না যান। প্রসঙ্গত, গণবিক্ষোভের মুখে আল-আকসায় নজরদারির পদক্ষেপ ইসরায়েল তুলে নিতে বাধ্য হয়। এতে ফিলিস্তিনিদের ‘বিজয় উদ্যাপন’ করা উচিত বলে মত দিয়েছে মসজিদ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ১৪ জুলাই হামলায় দুজন ইসরায়েলি পুলিশ নিহত হওয়ার জেরে সেখানে মেটাল ডিটেক্টর বসানোসহ ৫০-অনূর্ধ্ব মুসলিমদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েল। তুমুল বিতর্ক, প্রতিবাদ বিক্ষোভ ও সহিংসতার পর গত মঙ্গলবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র সরিয়ে নেওয়া হয়। এর বদলে নজরদারি ক্যামেরা বসানো হয়, যা দিয়ে মসজিদে প্রবেশকারীর চেহারা ও পরিচয় শনাক্ত করা সম্ভব। এতে ক্ষোভ না কমে, বরং বাড়ে।
আল-জাজিরার খবরে বলা হয়, আল-আকসা মসজিদ পরিচালনাকারী ইসলামিক ওয়াক্ফ কাউন্সিলের পরিচালক আবদেল-আজিম সালহাম গতকাল বলেন, ইসরায়েল তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটায় মসজিদের ভেতরে আগের মতো নামাজ পড়ার জন্য মুসল্লিদের অনুরোধ করছেন তিনি।
আবদেল-আজিম সালহাম বলেন, ‘ইসরায়েলি দখলদার বাহিনী কয়েক দশক ধরে পবিত্র আল-আকসার প্রাঙ্গণ কলুষিত করতে চায়। এখন আপনারা আছেন বিজয়ের নতুন যুগে।’ ফিলিস্তিনিদের জয় প্রসঙ্গে পূর্ব জেরুজালেমের এক বাসিন্দা বলেন, ‘জেরুজালেম আমাদের আত্মা, আমাদের বিশ্বাস। আমরা এটি ও আল-আকসা ছাড়া বাঁচতে পারব না।’ আল-আকসার জন্য সবকিছু ত্যাগ করতেও ফিলিস্তিনিরা প্রস্তুত ছিলেন, এটিই তাঁদের বিজয় নিশ্চিত করেছে।
এদিকে গতকালও আল-আকসায় প্রবেশ না করে, এর বাইরের সড়কে নামাজ পড়েন কয়েক হাজার ফিলিস্তিনি মুসল্লি। বিক্ষোভ অব্যাহত রাখেন তাঁরা। কেউ কেউ ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষেও জড়ান।