আশ্রয়প্রার্থীদের ক্ষতিপূরণ দেবে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সালে মানাস দ্বীপে আটক আশ্রয়প্রার্থীরা। ফাইল ছবি: রয়টার্স
২০১৪ সালে মানাস দ্বীপে আটক আশ্রয়প্রার্থীরা। ফাইল ছবি: রয়টার্স

পাপুয়া নিউগিনির মানাস দ্বীপে আটক আশ্রয়প্রার্থীদের ক্ষতিপূরণ হিসেবে অস্ট্রেলিয়া ৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। আজ বুধবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

মানাস দ্বীপে অস্ট্রেলিয়া এই শিবির তৈরি করে। নৌকায় করে অস্ট্রেলিয়ায় যাওয়ার চেষ্টা চালানোর সময় যাঁরা ধরা পড়েন, তাঁদের আটক করে এখানে রাখা হয়। এরপর এখান থেকে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হয়। অস্ট্রেলিয়ার এই কার্যক্রমের কারণে কঠোরভাবে সমালোচিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তরফ থেকে।

পাপুয়া নিউগিনির মানাস দ্বীপে থাকা ১ হাজার ৯০৫ জন দাবি করেন, ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যবর্তী সময়ে দুর্ভোগের কারণে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তবে অস্ট্রেলিয়ার সরকার এই অভিযোগ ‘জোরালোভাবে’ প্রত্যাখ্যান করেছে। বিষয়টির সমাধানে ‘বিচক্ষণ’ সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার এই অভিযোগের ওপর ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা।

কিন্তু এই বিচার শুরু হওয়ার আগে আশ্রয়প্রার্থীদের আইনজীবীরা জানান, সরকার ও তাঁদের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ান ৭০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন।

এই মীমাংসার বিষয় ও আর্থিক প্যাকেজটি আদালত থেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।

প্রধান আইনজীবী অ্যানড্রিও বেকার বলেন, এ বন্দোবস্ত তাঁদের জীবনের এই কালো অধ্যায়কে ভুলিয়ে রাখতে সাহায্য করবে।

অস্ট্রেলিয়া এরই মধ্যে জানিয়েছে, মানাস দ্বীপে তাদের শিবির বন্ধ করে দেবে, কবে তা ঠিক হয়নি। এখানে থাকা বন্দীদের কী হবে, তা স্পষ্ট নয়। তবে তারা কেউ যাতে অস্ট্রেলিয়ায় পুনর্বাসিত হতে না পারে, দেশটি তা চাইবে।