আসছে সপ্তাহে তালেবান সরকারের রূপরেখা
আফগানিস্তানে তালেবান সরকার কেমন হবে, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে। সশস্ত্র সংগঠনটির এক মুখপাত্র আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সরকারের রূপরেখা দেওয়া হবে।
তালেবানের ওই মুখপাত্রের নাম প্রকাশ করেনি রয়টার্স। ওই মুখপাত্র বলেন, এই রূপরেখা দেওয়ার জন্য আইন, ধর্ম ও পররাষ্ট্র বিশেষজ্ঞরা কাজ করছেন।
এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিল তালেবান। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর হস্তক্ষেপে তারা ক্ষমতাচ্যুত হয়। ওই সময় শরিয়াহ আইন অনুসারে দেশ পরিচালনা করেছিল তারা। সে সময় নারীশিক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এ ছাড়া নারীর একা বাইরে যাওয়া ও ঘরের বাইরে নারীর কাজ করার ওপর নিষেধাজ্ঞা ছিল। সে সময় চুরির অভিযোগ প্রমাণিত হলে অঙ্গচ্ছেদের বিধানও ছিল আফগানিস্তানে। তবে এবার ঠিক কেমন সরকার হবে, তা এখনো জানা যায়নি।
এর আগে রোববার কাবুল দখল করে তালেবান। এরপর গত মঙ্গলবার তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, তালেবান আফগানিস্তানের মাটি সন্ত্রাসের কার্যকলাপে ব্যবহার করতে দেবে না। নারীদের পড়াশোনা ও কাজের সুযোগ দেওয়া হবে। সংবাদমাধ্যমও স্বাধীনতা পাবে। তাদের সরকার পরিচালিত হবে ইসলামি মূল্যবোধে।