আসতানায় বসেছে সিরিয়া সরকার ও বিদ্রোহীরা
ভঙ্গুর যুদ্ধবিরতি চাঙা করতে গতকাল বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আসতানায় ফের আলোচনায় বসেছে সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলো। জাতিসংঘের সমর্থনে রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যস্থতায় সিরিয়া সংঘাত প্রশ্নে নতুন করে এই আলোচনা শুরু হয়েছে।
এক দিন পিছিয়ে দেওয়ার পর গতকাল এই শান্তি আলোচনা শুরু হলো। তিন দেশের মধ্যস্থতায় এ নিয়ে দ্বিতীয়বার আসতানায় শান্তি আলোচনায় বসল গৃহযুদ্ধপীড়িত সিরিয়ার বিবদমান গোষ্ঠীগুলো। সরকারি ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়তো হবে না। তবে প্যানেল অধিবেশনে তারা একসঙ্গে বসবে।
বুধবার কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছিল, ১৫ ফেব্রুয়ারি এ আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও কৌশলগত কারণে এক দিন পিছিয়ে ১৬ তারিখ নির্ধারণ করা হয়। ২৩ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনায় বসার আগে এই বৈঠক হলো। জেনেভায় দীর্ঘস্থায়ী সমাধানের জন্য বিস্তারিত আলোচনা হবে। এর আগে আসতানা বৈঠকে বিদ্যমান যুদ্ধবিরতি আরও সংহত করতে আলোচনা হয়।
উদ্যোক্তা দেশ রাশিয়া, তুরস্ক ও ইরান সিরিয়ার সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসেছে।
বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া আল-আরিদি জানিয়েছেন, তাঁরা প্রথমবারের আলোচনার তুলনায় এবার ছোট প্রতিনিধিদল পাঠিয়েছেন।