আসন্ন নির্বাচনের প্রার্থিতা দাখিল করলেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত বুধবার প্রার্থিতা দাখিল করেছেন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিই (এনএলডি) নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে বড় ব্যবধানে জিতবে বলে মনে করা হচ্ছে। ক্ষমতাসীন দল এরই মধ্যে স্বীকার করেছে, তারা বড় পরাজয়ের মুখোমুখি হতে যাচ্ছে। খবর এএফপির।
বুধবার মিয়ানমারের থানলিন শহরে গিয়ে এলাকার গ্রামীণ নির্বাচনী আসন কাহমু থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেন শান্তিতে নোবেলজয়ী সু চি। এর মধ্য দিয়ে এনএলডির প্রথম প্রার্থী হিসেবে প্রার্থিতা দাখিল করলেন তিনি। এ সময় সু চির শত শত সমর্থক সেখানে জড়ো হয়। তারা নেচে-গেয়ে ও পতাকা উড়িয়ে এ ঘটনা উদ্যাপন করে। তবে সুচি এ সময় বক্তব্য দেননি।
এনএলডির মুখপাত্র নিয়ন উইন বলেন, নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা সবুজ সংকেত দেওয়ার আগ পর্যন্ত কোনো প্রার্থী প্রচারণা শুরু করতে পারেন না। বর্তমানে সবাই সেই সংকেত পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
এদিকে থানলিনের এই আনন্দ-উচ্ছল পরিবেশের বিপরীত চিত্র ইয়াংগুনে সু চির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ভেতরে। আসন্ন নির্বাচনে পরাজয় বরণ করে নিতে এখন থেকেই কার্যত ক্ষণ গণনা শুরু করেছে ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। সাবেক সেনাসদস্যে ঠাসা দলটির সাধারণ সম্পাদক মং মং থেইন সাংবাদিকদের বলেন, ‘আমরা ২০১০ সালের মতো জয়ী হওয়ার ফল আশা করি না। এটা অসম্ভব।’