লাশের সংখ্যা ও অস্ত্রসম্ভার ধ্বংস করাই জয়ের প্রধান মাপকাঠি হয়, তবে গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে এবারের লড়াইয়ে দখলদার ইসরায়েলের বিজয় স্পষ্ট। ধ্বংসযজ্ঞ চালিয়ে পুরো গাজা উপত্যকা দখল করে নেওয়া ও হামাসের ঘাঁটি পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে তারা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওইভাবে গাজা দখল না করলেও দেশে তাঁর গ্রহণযোগ্যতার মাত্রা এখন সর্বোচ্চ। কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন। হামাস-ইসরায়েলের লড়াইয়ে কে জয়ী বলে ঘোষিত হবে, তা নির্ধারণে লাশের সংখ্যা গণনাই গুরুত্বপূর্ণ মানদণ্ড নয়। এর চেয়ে গুরুত্বপূর্ণ, এই লড়াইয়ের পেছনে দুই পক্ষের আসল উদ্দেশ্যের তুলনা ও লড়াইয়ে তারা কী অর্জন করতে পারল—সে বিষয়টি। এতে জয়ী হয়েছে হামাস।
ইসরায়েলের সঙ্গে হামাস লড়াই শুরু করেছে কারণ, সংগঠনটি ডুবে ছিল অকূলপাথারে। ইরান ও মিসরের সঙ্গেও তার নেই ভালো সম্পর্ক। তবু, কালবিলম্ব না করে বারবারই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। দীর্ঘতর করেছে লড়াই। এ ছাড়া, হামাসের রকেট ছোড়ার স্থানগুলো লক্ষ্য করে ইসরায়েলের সর্বাত্মক বিমান হামলার পরও ইসরায়েলের বড় অংশজুড়ে সংগঠনটি তার রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা দেখিয়েছে।
ইসরায়েলের আগ্রাসী স্থল বাহিনীর বিরুদ্ধেও প্রতিরোধের ডাক দিয়ে সক্ষমতা দেখিয়েছে হামাস। তারা অন্তত পাঁচবার সুড়ঙ্গপথে ইসরায়েলে ঢুকে সেনাদের ওপর সফল আক্রমণ চালিয়ে ক্ষয়ক্ষতি করতেও সমর্থ হয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলের মাটিতে ভয়ের বীজ বুনতে ও তার মনোবল ভাঙতে পেরেছে তারা। ইসরায়েল ও এর প্রতিরক্ষা বাহিনীকে লড়াইয়ের চড়া মাশুল গুনতেও হামাস বাধ্য করেছে। তা এতটাই যে কার্যত ইসরায়েল কোনো যুদ্ধবিরতি ছাড়া গাজা থেকে সরিয়ে নিয়েছে তাদের সব সেনা।
অন্যদিকে ইসরায়েলের নেতাদের এখন প্রধান লক্ষ্য, গাজাকে অস্ত্রমুক্ত করা। তবে এ লক্ষ্য কীভাবে অর্জিত হবে, সে ছবি আঁকা আসলেই দুরূহ। আর হামাসও গাজা উপত্যকায় ইসরায়েলের দীর্ঘমেয়াদি দখলদারের বিরুদ্ধে লড়াইয়ের শেষটা না দেখা পর্যন্ত অস্ত্র সংবরণে রাজি হচ্ছে না।
২০০৬ সালের জুলাইয়ে ইসরায়েল-লেবানন সীমান্ত থেকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী দুই ইসরায়েলি সেনা অপহরণ করে। জবাবে ইসরায়েল গোষ্ঠীটিকে মাটিতে মিশিয়ে ফেলার চেষ্টা চালায়। কিন্তু তাতে কেবল ব্যর্থই হয় ইসরায়েল। পরে অপহৃত সেনাদের ফেরত ও দক্ষিণ লেবাননকে অস্ত্রমুক্ত করার ন্যূনতম চেষ্টাতেও সফল হয়নি ইসরায়েল।
হিজবুল্লাহর কাছে হেরে এবার হামাসের বিরুদ্ধে আটঘাট বেঁধে নামলেও ঠিক একই রকম ব্যর্থতার বোঝা আবার কাঁধে নিতে হচ্ছে এই রাষ্ট্রটিকে। তা ছাড়া দেশটি যে লক্ষ্য নিয়ে এবার লড়াইয়ে নেমেছিল, তা অর্জন হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। কম-বেশি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই হয়তো এ যুদ্ধ শেষ হবে। সে সঙ্গে ইসরায়েলকে স্বীকার করে নিতে হবে, নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার বিরাট ত্রুটি ও ক্ষতির বিষয়টিও।