আসাদকে অভিযুক্ত করতে তথ্যপ্রমাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করতে যথেষ্ট তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে জাতিসংঘের একটি কমিশন। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তকারী ওই কমিশনের বিদায়ী এক সদস্য গতকাল রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি যুদ্ধাপরাধ নিয়ে কাজ করা একজন আইনজীবী। তাঁর নাম কার্লা ডেল পন্টে। জাতিসংঘের ওই কমিশনে পাঁচ বছর চাকরি করার পর তিনি বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। সুইজারল্যান্ডের গণমাধ্যমে তিনি বলেন, আসাদের বিরুদ্ধে যেসব তথ্যপ্রমাণ পাওয়া গেছে, যুদ্ধাপরাধের অভিযোগ আনার জন্য তা যথেষ্ট। সাপ্তাহিক লা মাতিন দিমানচে ও সন্তাজজেইতাং পত্রিকাকে তিনি বলেন, ‘তথ্যপ্রমাণগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে।’ ২০১১ সালে দেশটিতে সংঘাত শুরুর পর থেকে এই কমিশন মানবাধিকার ও যুদ্ধাপরাধ নিয়ে কাজ করছে।