আসাদবিরোধীদের নিয়ে বৈঠক শুরু রিয়াদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে লড়াইরত বিদ্রোহী ও বিরোধী গ্রুপগুলোর দুই দিনের বৈঠক সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হয়েছে। গতকাল বুধবার শুরু হওয়া এই বৈঠকের লক্ষ্য হলো সিরিয়া বিষয়ে সম্ভাব্য শান্তি আলোচনা শুরুর আগে ঐকমত্যে পৌঁছানো। খবর এএফপির।

সিরিয়া বিষয়ে শান্তি আলোচনা আগামী ১ জানুয়ারির আগেই অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ভিয়েনায় অনুষ্ঠিত এক বৈঠকে পরাশক্তিগুলো জানুয়ারির আগেই অনুষ্ঠেয় এই বৈঠকের ব্যাপারে মত দেয়। গতকাল শুরু হওয়া বৈঠক উপলক্ষে রিয়াদে সিরিয়ার সরকারবিরোধী রাজনৈতিক ও সশস্ত্র উপদলগুলো একত্র হয়েছে। ২০১১ সালে সংঘাত শুরু হওয়ার পর থেকে সিরিয়ার রাজনৈতিক ও সশস্ত্রবিরোধী পক্ষগুলোর মধ্যে এটাই প্রথম বৈঠক।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে ঐক্য চায় বিভক্ত হয়ে পড়া সরকারবিরোধী রাজনৈতিক ও বিদ্রোহী পক্ষগুলো। রিয়াদের এই বৈঠক থেকে সেই ঐক্যই গড়তে চান অংশগ্রহণকারী প্রায় ১০০ প্রতিনিধি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর প্রতিনিধিদের স্বাগত জানিয়ে এই বৈঠকের সাফল্যের ব্যাপারে আশা প্রকাশ করেন। তিনি বারবার সতর্ক করে আসছেন যে প্রেসিডেন্ট আসাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে তাঁকে উৎখাত করা হবে।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, বৈঠকে বিপুলসংখ্যক প্রতিনিধির উপস্থিতি দেখা গেছে।

সিরিয়ার বিদ্রোহী দলগুলোর বড় সমর্থকদের একটি সৌদি আরব। সব পক্ষকে এক মঞ্চে জড়ো করে সিরিয়ায় চার বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করেছে দেশটি। তবে বৈঠকে প্রভাবশালী কয়েকজন বিরোধী নেতা এবং প্রধান কুর্দি বাহিনীর কোনো প্রতিনিধি না থাকায় ঐক্য প্রতিষ্ঠার স্বপ্ন অধরা থেকে যেতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। এরই মধ্যে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থক ও ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারী আঞ্চলিক প্রভাবশালী শক্তি ইরান রিয়াদের বৈঠকের বিষয়ে আপত্তি তুলে এই বৈঠকের কারণে আলোচনা ব্যর্থ হতে পারে বলে সতর্ক করেছে। তবে এরপরও ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) ডজন খানেক উপদল রিয়াদের বৈঠকে উপস্থিত থাকছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পাওয়া উপদলগুলোও রয়েছে। বৈঠকে নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেট (আইএস) উপস্থিত থাকছে না। তবে গতকাল এক বিবৃতিতে এই বৈঠকে নিজেদের উপস্থিতির কথা জানান দিয়েছে সিরিয়ার শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী জইশ আল ইসলাম। রাজধানী দামেস্কের কাছাকাছি সক্রিয় এই সশস্ত্র সরকারবিরোধী গোষ্ঠীটি রাজধানীর পূর্বাংশের ঘোউতা শহরতলির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে।