আসাদ-পরবর্তী সিরিয়া সরকারের পরিকল্পনা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বাদ দেওয়া এবং নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরেছে বিরোধী দলগুলোর জোট। লন্ডনে গতকাল বুধবার ইইউ, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে এই পরিকল্পনা তুলে ধরা হয়।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গতকাল বলেছেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী সিরিয়ার রাকায় একসঙ্গে হামলা চালাতে প্রস্তুত রয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র।

গতকাল লন্ডনে সিরিয়ার বিরোধী দলগুলোর জোট হাই নেগোসিয়েশন কমিটির (এইচএনসি) পরিকল্পনাটি তুলে ধরা হয়। পরিকল্পনা অনুযায়ী প্রথম ছয় মাস সিরিয়ার সরকার ও বিরোধীরা আলোচনা করবে। এরপরের দেড় বছর একটি অন্তর্বর্তী সরকার সিরিয়ার ক্ষমতা গ্রহণ করবে। ২৫ পৃষ্ঠার এই পরিকল্পনায় বলা হয়েছে, ওই সরকারে বিরোধী ও বর্তমান সরকারের প্রতিনিধি ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি থাকবেন।

এইচএনসির প্রধান রিয়াদ হিজাব বলেন, প্রেসিডেন্ট আসাদ চলে যাক, এটাই এখন সিরিয়ার সবার দাবি। তিনি চলে গেলেই যুদ্ধের অবসান হবে। তবে সিরিয়ার উপপররাষ্ট্র মন্ত্রী ফয়সাল মেকদাদ বিবিসিকে বলেছেন, আসাদের ক্ষমতা থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না।

এই পরিকল্পনা এবং বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে আসাদবিরোধীদের এই বৈঠকের আয়োজন করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

নতুন পরিকল্পনায় বলা হয়েছে, প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার আসাদ ও তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বাদ দিয়েই পরিচালিত হবে। তাঁরা সিরিয়ার মানুষের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করেছেন। প্রস্তাবে বলা হয়, এই সরকারের উদ্দেশ্য এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা; যেখানে স্বাধীনতা রক্ষিত হবে, ব্যক্তির অধিকার থাকবে।

এদিকে এই বৈঠকের আগে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেন, তিনি এখনো সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধান আশা করেন। কিছু জায়গায় সিরিয়ার সরকারি বাহিনী জয়লাভ করলেও প্রেসিডেন্ট আসাদ এমন কোনো অবস্থায় নেই যে তিনি চলমান লড়াইয়ে জিতবেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান অবস্থার পরও প্রেসিডেন্ট আসাদ যদি কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানান, তবে সেখানে সামরিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে।

ক্লোরিনসমৃদ্ধ বোমা ফেলার অভিযোগ: আলেপ্পোতে থাকা ত্রাণকর্মীরা বলছেন, আলেপ্পোর সুক্কারি এলাকায় বোমা বিস্ফোরণের পর থেকে এখানকার বাসিন্দারা শ্বাসকষ্টে ভুগছেন। জাতিসংঘের তত্ত্বাবধানে গত মাসে করা আরেক তদন্তে বলা হয়েছে, অন্তত দুবার হামলার সময় ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়েছে। সিরিয়ার সরকার অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে।

রাকায় মার্কিন-তুর্কি অভিযান?: তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনে জি-২০ সম্মেলনের সময় আইএসের বিরুদ্ধে যৌথ হামলার বিষয়টি তুলেছিলেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের ব্যাপারে তুরস্কের কোনো সমস্যা নেই।

আইএসকে তাদের মূল ঘাঁটি রাকা থেকে উৎখাতের যৌথ অভিযান নিয়ে এরদোয়ানের এই মন্তব্য তুরস্কের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য গতকাল পর্যন্ত পাওয়া যায়নি।