আসিয়ান দেশগুলোর মধ্যে 'বন্ধুত্ব' চুক্তির প্রস্তাব চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সহযোগিতা জোটের (আসিয়ান) মধ্যে একটি ‘বন্ধুত্ব’ চুক্তির প্রস্তাব দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেছিয়াং। তবে তিনি বলেছেন, দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে চলমান বিরোধের সমাধান সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই হতে হবে। খবর এএফপি, রয়টার্স ও এপির।
প্রধানমন্ত্রী লি কেছিয়াং গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে পূর্ব এশিয়ার দেশগুলোর নেতাদের সম্মেলনে বন্ধুত্ব চুক্তির প্রস্তাব তোলেন। চীনের প্রধানমন্ত্রী বলেন, আসিয়ানের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার একটি চুক্তি করতে এবং সেই চুক্তিতে প্রথম অংশীদার হিসেবে স্বাক্ষর দিতে চীন প্রস্তুত রয়েছে।
বন্ধুত্বের প্রস্তাব তুললেও দক্ষিণ চীন সাগরে সমুদ্রসীমা নিয়ে প্রতিবেশী দেশগুলোর বিরোধ মীমাংসায় লি কেছিয়াং যে কারও মধ্যস্থতা চান না, তা সরাসরিই উল্লেখ করেছেন। তিনি বলেন, সমুদ্রসীমা নিয়ে যে বিরোধ, তা সংশ্লিষ্ট দেশগুলোকে নিজেদের মধ্যেই মীমাংসা করতে হবে। এখানে জোটবদ্ধ প্রচেষ্টা কিংবা কারও মধ্যস্থতা মানবে না বেইজিং।
চীন ও তাইওয়ান এবং আসিয়ানের চারটি সদস্যরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে সমুদ্রসীমা নিয়ে বিরোধে জড়িয়ে রয়েছে।
পূর্ব এশিয়ার দেশগুলোর সম্মেলন উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী ছাড়াও মিয়ানমারে সমবেত হন যুক্তরাষ্ট্র, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, রাশিয়া, নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশের নেতারা।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সম্মেলনে মূল আলোচ্য বিষয় ছিল দক্ষিণ চীন সাগরের সমুদ্রসীমা, আফ্রিকায় ভয়াবহভাবে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস এবং সিরিয়া ও ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) উত্থান।
যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই দক্ষিণ চীন সাগরের সমুদ্রসীমা বিতর্ক সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষপাতী। এ জন্য একটি আচরণবিধি প্রণয়ন করতে চীনের কাজ করা উচিত বলেও মনে করে ওই দেশগুলো।
সম্মেলনে ইবোলা ভাইরাসকে বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে আখ্যা দেওয়া হয়।