আসিয়ানে সদস্যপদ পুনর্বিবেচনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা মুসলিমদের ‘জাতিগত নির্মূল’ করার তৎপরতা চালানোয় দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানে মিয়ানমারের সদস্যপদ অবশ্যই পুনর্বিবেচনা করা উচিত বলে গতকাল বুধবার মত দিয়েছেন মালয়েশিয়া সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী।

মালয়েশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড মালায়াস ন্যাশনাল অর্গানাইজেশনের বার্ষিক সভায় যুব ও ক্রীড়ামন্ত্রী খাইরি জামালউদ্দিন বলেন, ‘আসিয়ানে মিয়ানমারের সদস্যপদ পুনর্বিবেচনা করার জন্য, এই জোটের কাছে আমরা দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আসিয়ান সদস্যদেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বাতিল হয়ে যায় যখন আমরা দেখি, এর সদস্যরাষ্ট্রেই ব্যাপক মাত্রায় জাতিগত নির্মূল ঘটছে।’

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ার মন্ত্রিসভা গত সপ্তাহে এক বিবৃতিতে রোহিঙ্গাদের ওপর সহিংসতার নিন্দা জানায়। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী নাজিব রাজাক মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠেয় এক সমাবেশে অংশ নেবেন। এর আগে মালয়েশিয়া গত শুক্রবার সে দেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছিল।

এদিকে মঙ্গলবার জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মিয়ানমারে যান। সফরে তাঁর রাখাইন রাজ্যে যাওয়ার কথা রয়েছে। এটি খুব কম সময়ের মধ্যে কফি আনানের দ্বিতীয় দফায় মিয়ানমার সফর। এদিকে জাতিসংঘের অধিকারবিষয়ক সংস্থা একই দিন বলেছে, রোহিঙ্গারা সম্ভবত মানবতার বিরুদ্ধে অপরাধের শিকার। মিয়ানমারের সেনাবাহিনী দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর নিষ্ঠুর দমনপীড়ন চালাচ্ছে। সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা হত্যা, নির্যাতন এবং রোহিঙ্গা নারীদের গণধর্ষণ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।