আয়লানকে স্মরণ করিয়ে দিল যে ছবি
রক্ত ও ধুলো মাখামাখি অবস্থায় অ্যাম্বুলেন্সের একটি আসনে বসে আছে ছোট্ট শিশুটি। নিস্পৃহ দৃষ্টিতে তাকিয়ে আছে। গতকাল বুধবার রাতে সিরিয়ার মানবাধিকারকর্মীরা এই হৃদয়বিদারক ছবিটি প্রচার করার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি দেখে মর্মাহত লোকজন ক্ষোভে ফেটে পড়েন।
সিরিয়ার আলেপ্পোতে বিমান হামলায় বিধ্বস্ত একটি ভবন থেকে ওমরান দাকনিশ নামের পাঁচ বছর বয়সী এই শিশুটিকে উদ্ধার করা হয়।
ওমরানের এই ছবিটি সিরিয়ার আরেক শিশু আয়লান কুর্দির কথাই মনে করিয়ে দেয়। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ছেড়ে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মারা যায় তিন বছর বয়সী আয়লান। তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লানের নিথর দেহ বিশ্ববিবেককে প্রচণ্ডভাবে নাড়া দেয়।
ওমরানের ছবিটি তুলেছেন আল জাজিরার আলোকচিত্রী মাহমুদ রাসলান। সংবাদ সংস্থা এপিকে তিনি বলেছেন, আহত শিশুটিকে উদ্ধারের আগে তিনি তিনটি মৃতদেহ দেখতে পেয়েছেন।
স্থানীয় একজন চিকিৎসক জানিয়েছেন, শিশুটি মাথায় আঘাত পেয়েছে।
ধারণা করা হচ্ছে, শিশুটির মা-বাবা ও তিন ভাইবোন বেঁচে আছেন।
গত কয়েক সপ্তাহ ধরে সিরিয়ার বাণিজ্যিক ও শিল্প শহর হিসাবে খ্যাত আলেপ্পোতে সিরিয়ার সরকার ও বিদ্রোহী বাহিনীর হামলা–পাল্টাহামলা বেড়ে গেছে। এখন পর্যন্ত হামলায় শত শত মানুষ মারা গেছে।
বিরোধী পক্ষ–সমর্থিত আলেপ্পো মিডিয়া সেন্টার গতকাল মধ্যরাতে শিশুটির ছবি এবং উদ্ধারের ভিডিও প্রকাশ করে। এতে বলা হয়, বিদ্রোহী অধ্যুষিত আলেপ্পোর কাতারজি জেলা থেকে ওমরানকে উদ্ধার করা হয়েছে। সরকারের মিত্রবাহিনীর বিমান হামলায় ওই রাতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১২ জন।
ভিডিওতে দেখা গেছে, বিমান হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন থেকে উদ্ধারকারী মেডিকেল দলের একজন শিশুটিকে বের করে নিয়ে এসে একটি অ্যাম্বুলেন্সের পেছনের একটি আসনে বসিয়েছেন। শিশুটির মুখমণ্ডল রক্তাক্ত এবং সারা শরীর ধুলোমাখা। উদ্ধারকারী শিশু ওমরানকে বসিয়ে চলে যাওয়ার পর সে চরম সহিষ্ণুতার পরিচয় দিয়ে চুপ করে বসেছিল। আসনে বসে কান্নার আগে সে তার মুখে হাত বুলিয়ে এনে রক্তমাখা হাতের দিকে তাকিয়েছিল।

সূত্র : বিবিসি