আয়েশার টুইটে কাবুলে তালেবানের তিন দিন
একের পর এক প্রদেশ দখল করে তালেবান রাজধানী কাবুলে প্রবেশের অপেক্ষায়। উৎকণ্ঠায় অস্থির কাবুল বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী আয়েশা আহমাদ। ১৫ আগস্ট বেলা ১১টায় তিনি টুইট করলেন, সারা রাত ঘুমাতে পারেননি তিনি। কয়েক ঘণ্টা পরই পতন হয় কাবুলের।
এর পর থেকে একের পর এক টুইট করে তিনি বিশ্ববাসীকে জানিয়েছেন আফগানিস্তানের খবর। আকুতি জানিয়েছেন, আফগান নারীদের যেন কেউ ভুলে না যায়।
আয়েশা টুইটারে নিজের পরিচয় দিয়েছেন এভাবে, ‘আমি নিশ্বাস নিতে পারছি না। কাবুল বিশ্ববিদ্যালয়। নিরাপত্তাজনিত আমি ব্রেশনা মুসাজাইয়ের ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার করছি। তিনি আমার রোলমডেল।’ তালেবানের বিজয়ে বিপন্ন বোধ করছিলেন আয়েশা। একাধিক টুইটে বিশ্বের অন্য কোনো দেশে আশ্রয় প্রার্থনা করেছেন। মনে করিয়ে দিয়েছেন, মানুষ শখ করে কেউ কখনো দেশ ছাড়ে না।
আয়েশা যে ব্রেশনার ছবি নিজের প্রোফাইলে ব্যবহার করেছেন, সেই ব্রেশনাও তালেবানের নির্যাতনের শিকার। সংবাদমাধ্যমগুলো বলছে, ব্রেশনা গুলিবিদ্ধ হয়েছিলেন ২০১৬ সালে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাগরিবের নামাজের পর আচমকা গুলিবর্ষণ শুরু হয়। নামাজ পড়ছিলেন, তাঁর পা ছিল খালি। সেই খালি পায়েই একটু একটু করে ভাঙা কাচের ওপর দিয়ে এগোচ্ছিলেন। আচমকা তাঁর পায়ে গুলি ছোড়ে কেউ। তিনি মরার ভান করেছিলেন। এর মধ্যে তিনবার গুলিবিদ্ধ হন। শেষ পর্যন্ত অবশ্য বেঁচে যান তিনি। এখন কাজ করছেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায়।
আয়েশা লিখেছেন, ‘পাকিস্তান ছাড়া অন্য যেকোনো দেশে আমি আশ্রয় চাই। আমি কাবুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, বয়স ২২। পরীক্ষায় আমার গ্রেড জিপিএ ৪। আমার মা–বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক (তিনজনের পরিবার)। আমার অ্যাজমা আছে। আমি বোরকা পরতে পারি না। আমি আমার লেখাপড়া শেষ করতে চাই।’ তাঁর পিনড পোস্টে লেখা, ‘ক্রসফায়ারে আটকে পড়েছি। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। অনেক দেরি হয়ে গেছে। এই অন্ধকারে আমার যত আশা, তার কবর হলো।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ক্রসফায়ারের ছোট একটি ভিডিও। কয়েক পুরুষের কণ্ঠস্বর আর গুলির শব্দ রাতের আঁধার ভেদ করে শোনা যায় তাতে।
আয়েশা আহমাদের টুইটার অ্যাকাউন্ট ফলো করলে দেখা যায়, তালেবান কী করে রাজধানীর দিকে এগিয়ে আসছে, তিনি সে সম্পর্ক টুইট করে আসছিলেন ধারাবাহিকভাবে। কখনো অন্যের করা টুইট শেয়ার করেছেন। কখনো নিজেই টুইট করেছেন। তবে ১৫ আগস্ট থেকে প্রতিদিন কখনো কয়েক ঘণ্টা, আবার কখনো কয়েক মিনিট পরপর তিনি দেশের খবর, তাঁর নিজের খবর পৌঁছেছেন বিশ্ববাসীকে। কখনো ছোট ছোট টুইট বার্তা দিয়েছেন, কখনো তাতে ছবি বা ভিডিও জুড়ে দিয়েছেন।
১৫ আগস্ট বেলা ১১টা ২ মিনিটের পর আবার টুইট করেছেন দুপুর ১২টা ৩১ মিনিটে। তিনি লিখেছেন, ‘জো বাইডেনের তরফ থেকে আরও এক হাজার সেনা। নিলাম ডাকার মতো করে বলছি! এটাকে অন্তত ১০ হাজার করুন।’ ওই দিন রাত ১১টা ৪২ মিনিট পর্যন্ত তিনি আরও একাধিক টুইট করেছেন। এর একটি ছিল ক্রিস আলেক্সান্ডারের টুইট, হ্যাশট্যাগ ‘স্যাংশন পাকিস্তান’।
রাত ৮টা ১৮ মিনিটে আয়েশা আহমাদ ব্রাজিলের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারের লিংক দিয়েছেন। ঠিক দুই মিনিট পর আয়েশা লিখেছেন, ‘আমি আমার এক বন্ধুর কাছ থেকে একটা খবর পেলাম। গনি আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন। সব শেষ। এর আগে তিনি এ জাতিকে বলেছিলেন, তিনি কখনো আফগানিস্তান ছেড়ে যাবেন না।’ এই টুইটে তিনি হ্যাশট্যাগ দিয়েছেন, ‘#আফগানিস্তান বার্নিং (আফগানিস্তান জ্বলছে)।’ ওই দিন রাত পৌনে ১২টায় আয়েশা লিখেছেন, ‘আমি কাবুলের প্রাণকেন্দ্রে শত শত তালেবান দেখেছি।’
রাত ১টা ৫৮ মিনিটে আয়েশা বিমানবন্দরে যান। তিনি লেখেন, ‘আমি কাবুল বিমানবন্দরের ভেতর। এখানে কেয়ামত হয়ে গেছে।’ এক মিনিট পরই লিখেছেন, ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছে। রাত ২টা ২ মিনিটে কাবুল বিমানবন্দরে উদ্ভ্রান্তের মতো ছোটাছুটি বোঝাতে একটি জিফ ব্যবহার করেছেন। লিখেছেন, ‘আমার মনে হয়, এখানে খুব খারাপ কিছু ঘটতে পারে।’ এক মিনিট পরই আবার লিখেছেন, ‘আমার মনে হয়, আমি আর এখান থেকে বেরিয়ে আমার বাড়ি ফিরতে পারব না। এখান থেকে এখন বের হওয়াও কঠিন। আমি আটকা পড়ে গেছি।’ রাত ২টা ৩৩ মিনিটে আয়েশা লিখেছেন, ‘আমি খুব কষ্ট করে বিমানবন্দর থেকে এখন বেরোতে পেরেছি। রাস্তায় গোলাগুলি। আমার সব আশা শেষ। দোজখে ফিরে যাচ্ছি।’
এই টুইটের সঙ্গে একটি ভিডিও যুক্ত করেছেন আয়েশা। রাতের আঁধারে গাড়ি চলছে, আর থেমে থেমে পাওয়া যাচ্ছে গুলির শব্দ।
আয়েশা রাত ৩টা ৫০ মিনিটে বাসায় ফেরেন। লিখেছেন, ‘আমি নিরাপদে পৌঁছেছি। শুধু গাড়িতে সামান্য আঁচড়। বিমানবন্দর থেকে বাসায় আসার পুরো পথেই বিশৃঙ্খলা। এতটা পথ ঘুরে কখনো বাসায় ফিরিনি। তালেবান এখন সব জায়গায়। তবে তারা আমাদের গাড়ি থামায়নি।’
ভোর সাড়ে চারটার কিছু পর আয়েশা আবার টুইট করেন, ‘আমার অনলাইন নিরাপত্তা নিয়ে আপনারা চিন্তিত বুঝতে পারছি। আমি শত শত বার্তা পেয়েছি। আপনাদের সহানুভূতির জন্য ধন্যবাদ। তবে আমি সাইবার নিরাপত্তা নিয়ে দুই বছরের একটা কোর্স করেছি। আমার প্রোফাইল ফটো, আমার অবস্থান ও পোস্ট সবই অদৃশ্য থাকবে, কেউ দেখতে পাবে না।’
আবারও টুইট করেছেন রাত ৪টা ৫৭ মিনিটে। তিনি লিখেছেন, ‘মার্কিন নাগরিকদের উদ্দেশে! আগামীবার একজন নারী রাষ্ট্রপতিকে ভোট দিন। কারণ, তাঁরা অনেক বেশি সহানুভূতিশীল।’ রাত ৬টা ৫৫ মিনিটে তিনি আবারও আগের রাতে কাবুল বিমানবন্দরে কী ঘটেছিল, তার ভিডিও টুইট করেছেন। হ্যাশট্যাগ দিয়েছেন, ‘আফগানিস্তান, আফগান লাইভস ম্যাটার।’ দুই মিনিট পর আরও একটি টুইট করেন, ‘অন্ধকারে আশা খুঁজছি।’ ভোর ৭টা ৪৮ মিনিটে তাঁর রক্তাক্ত পায়ের ছবি আপলোড করেছেন। কাবুল বিমানবন্দরে ভিড়ের চাপে এই হাল বলেও জানান। এখানে লেখেন, ‘হ্যাশট্যাগ কাবুল হ্যাজ ফলেন (কাবুলের পতন হয়েছে), আফগানিস্তান, আফগানিস্তান উইমেন।’
সকাল ৯টায় তালেবানের নিয়ন্ত্রণে প্রথম দিনের অভিজ্ঞতার কথা লিখেছেন। আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মীদের আফগানিস্তান ছেড়ে যাওয়ার খবর দিয়ে লিখেছেন, ‘যখন আপনি বুঝবেন, আপনাকে ফেলে সবাই চলে যাচ্ছে, তখন কেমন লাগবে?’ আবার ৩৯ মিনিট পর লিখেছেন, তিনি কাবুলে আছেন, নিরাপদে আছেন। গোলাগুলির শব্দ আর পাওয়া যাচ্ছে না। অনেক হেলিকপ্টার উড়ছে মাথার ওপর।
ওই দিন ১০টা ১৭ মিনিটে লেখেন, ব্যাংক ও সরকারি অফিসে হামলায় ৪০ জন নিহত হয়েছেন গত রাতে। থ্রি ওসমান, তুরস্কের একটি টিভি শো দেখানো হচ্ছে টলো নিউজে (তালেবান এই শো পছন্দ করে বলে খবর বেরিয়েছিল।
১১টা ১০ মিনিটে আবারও গুলির শব্দ। কিছুক্ষণ পর লিখেছেন, ‘এখন পর্যন্ত সব খবর ভালো। যদি তালেবান টিভিতে যা বলছে, তা–ই করে, তাহলে হয়তো আমার আর বাইরে যাওয়ার দরকার নেই। আমি এখানেই থাকতে চাইব, যদি আমি স্বাধীনভাবে কথা বলতে পারি, পোশাক পরতে পারি এবং চলাফেরা করতে পারি। শুধু এটুকুই আমরা চাই। আর হ্যাঁ, আমি আমার এই তেরঙা পতাকাটিকে ভালোবাসি।’
কিন্তু তিন ঘণ্টারও কম সময়ের মধ্যে আয়েশা আবারও অন্য দেশে আশ্রয় প্রার্থনা করা টুইটটি শেয়ার করেন। তিনি লেখেন, ‘আজ পাঁচটির বেশি সাক্ষাৎকার দিয়েছি। সারা রাত ঘুমাতে পারিনি। কিছুক্ষণ বিশ্রাম নেব। যখন ফিরব, তখন সব জানাব। ততক্ষণ পর্যন্ত আমাদের প্রার্থনায় রাখুন। আমার উদ্বেগ বর্তমান নিয়ে নয়, বরং ভবিষ্যৎ নিয়ে। আফগান মেয়েদের ভবিষ্যৎ।’
বেলা তিনটায় আবারও আয়েশা টুইটারে ফিরে এসেছেন। তিনি লিখেছেন, তাঁর কাছে একেবারে মাঠের ভিডিও আছে। কিন্তু এগুলো খুবই বিরক্তিকর। কয়েক মুহূর্ত পর আবার একটি টুইট করেছেন, ‘দুঃখজনক। তিনজন যাত্রীবাহী বিমানের চাকার পেছনে লুকিয়ে ছিলেন। কাবুল বিমানবন্দর থেকে বিমান ওড়ার পরপরই তিনজন যাত্রী পড়ে যান।’
প্লেন থেকে একজন যাত্রীর পড়ে যাওয়ার ছবি দিয়ে টুইট করেছেন আয়েশা, ‘মানবতার পতন।’
রাত ২টা ৫ মিনিটে আয়েশা আবারও আকুতি জানিয়েছেন একটি আশ্রয়ের জন্য। তিনি লিখেছেন, ‘আপনাদের জানাশোনা থাকলে দয়া করে জানাবেন। যেকোনো দেশে আশ্রয়ের আবেদন করব আমি।’
রাত সোয়া তিনটায় আয়েশা লিখেছেন, ‘আমি নিয়মিত হুমকি পাই। যদিও আমি কখনো কাউকে অপমান করিনি, এমনকি তালেবানকেও নয়। আমি শুধু আমার নিজের দৃষ্টিভঙ্গির কথাই তুলে ধরি।’
১৭ আগস্ট সকাল ৭টায় আয়েশা লিখেছেন, ‘আফগান নারীদের ভুলে যাবেন না।’ বেলা ১১টা ৫ মিনিটে তাঁর বলা কথা নিয়ে তৈরি করা একটি প্রতিবেদনের লিংক দিয়েছেন।
বেলা ১১টা ১৭ মিনিটের দিকে তিনি কাবুল বিমানবন্দরে একজন ছাত্রের করা উক্তি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘একটা পর্যায়ে মনে হয়েছিল, এই শেষ এবং আমি মরে যাব।’ আবারও তিনি টুইট করেছেন ১২টা ৩৫ মিনিটে। তিনি লিখেছেন, ‘ভালো খবর। একজন নারী উপস্থাপক সাধারণ হিজাব পরে তালেবান কর্তৃপক্ষের প্রতিনিধির সাক্ষাৎকার নিচ্ছেন।’
বেলা ৩টা ২৫ মিনিটে তালেবানের কবজায় তৃতীয় দিনের কাবুল কেমন ছিল, সে সম্পর্কে জানানোর ঘোষণা দিয়েছেন আয়েশা আহমাদ। কাবুল নিউ ফেস হ্যাশট্যাগে আয়েশা লিখেছেন, কাবুল বিমানবন্দরের বাইরে অনেক তালেবান, নারীদের সংখ্যা সামান্যই।
আয়েশা গুলির শব্দ শুনতে পান চার মিনিট পর। আবারও আট মিনিট পর চার দফায় শোনেন গুলির শব্দ। পরপর আরও দুটি গুলির শব্দ। তারপর তিনি লিখেছেন, কাবুলে ইন্টারনেটের ধীরগতি। তাই ছোট ছোট ক্লিপ দিচ্ছেন।
বিকেল ৪টা ৩ মিনিটে ছবিসহ টুইট করেছেন, যেখানে অসংখ্য নারীকে বিমানবন্দরের দেয়ালের কাছে স্তূপাকারে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ১০ মিনিট পর আরেকটি টুইটে লিখেছেন, কাবুলে প্রচণ্ড গরম। অন্যান্যের মতো তালেবানও গাছের ছায়ায় এসে দাঁড়িয়েছে, তাঁর পাশেও দাঁড়িয়ে আছে তালেবান।
সর্বশেষ: আজ বুধবার দুপুরে আয়েশার সবশেষ টুইটটি ছিল নারী নিয়ে তালেবানের অবস্থান বিষয়ে। তিনি লিখেছেন, ‘মেয়েদের মুখ ঢেকে রাখা নিয়ে তালেবানের এখনকার বক্তব্য অন্তত এখনকার জন্য ঠিক আছে। কিন্তু দীর্ঘ মেয়াদে আমি তা বিশ্বাস করি না। সুতরাং তাদেরই প্রমাণ দিতে হবে।’