ইংলাকের বিচার শুরু, দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিতর্কিত ভর্তুকি প্রকল্পের জন্য থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিচার গতকাল মঙ্গলবার শুরু হয়েছে। রাজধানী ব্যাংককের একটি আদালতে শুনানির সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
২১ জুলাই শুনানির পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। ধান চাষে ভর্তুকি দেওয়ার বিতর্কিত একটি প্রকল্পের কারণে বিচারের সম্মুখীন হয়েছেন ইংলাক। এ বিষয়ে দায়িত্বে অবহেলা করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করার অভিযোগে মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে।
থাইল্যান্ডে গত বছর সামরিক অভ্যুত্থানের আগে ইংলাককে প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করা হয়। ইংলাকের অভিযোগ, তাঁকে রাজনীতির বাইরে রাখার জন্যই বিভিন্ন মামলা করা হয়েছে। গতকাল আদালতে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী।’
সামরিক সরকার নিযুক্ত পার্লামেন্ট চলতি বছরের জানুয়ারিতে ইংলাককে ধান চাষে ভর্তুকি প্রকল্পে অনিয়মের অভিযোগে অভিশংসিত করে। পাশাপাশি তাঁকে রাজনীতি থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তবে দরিদ্র কৃষকদের কল্যাণের লক্ষ্যেই ওই প্রকল্প নেওয়া হয়েছিল বলে ইংলাক দাবি করেন। তিনি গত বছরের মে মাসে ক্ষমতার অপব্যবহারের দায়ে থাইল্যান্ডের সাংবিধানিক আদালতে দোষী সাব্যস্ত হন। এরপর তাঁকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়। এ ঘটনার কয়েক সপ্তাহ পরই সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।
নির্বাচন পেছাল: জান্তা সরকার সাধারণ নির্বাচন অন্তত ছয় মাস পিছিয়ে দিয়েছে। উপপ্রধানমন্ত্রী উইসানু ক্রিয়া-এগাম গতকাল বলেন, নতুন সংবিধানের ব্যাপারে আগামী জানুয়ারিতে গণভোট হলে আইন সংশোধনে তিন-চার মাস লাগবে। এর ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পিছিয়ে দেওয়ায় দেশটির গণতন্ত্রে প্রত্যাবর্তন নিয়ে জান্তার অঙ্গীকার নিয়ে প্রশ্ন উঠেছে।