ইংলাকের বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা

ধান চাষে ভর্তুকি দেওয়ার বিতর্কিত প্রকল্পের ব্যাপারে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে বিচারের মুখোমুখি হতে হবে। দেশটির সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার এ নির্দেশ দিয়েছেন। খবর এএফপি ও বিবিসির।
আদালতে দোষী সাব্যস্ত হলে ইংলাকের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। থাইল্যান্ডের রাজনীতিতে দীর্ঘদিন প্রভাব বিস্তারকারী সিনাওয়াত্রা পরিবারের ওপর এটি সাম্প্রতিকতম আঘাত। ইংলাককে রাজনীতি থেকে ইতিমধ্যে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ব্যাংককে সুপ্রিম কোর্টের বিচারক ভিরাফল তাংসুওয়ান বলেন, বিচারকদের প্যানেলের সিদ্ধান্তে মামলাটি তাঁরা আমলে নিয়েছেন। প্রথম শুনানি হবে আগামী ১৯ মে।
গ্রামের ধানচাষিদের কাছ থেকে ইংলাকের সরকার বাজারমূল্যের চেয়ে দ্বিগুণ দামে ফসল কিনেছিল। ইংলাক আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তার লক্ষ্যেই ওই প্রকল্প চালু করা হয়েছিল। আর তিনি প্রকল্পের দৈনন্দিন পরিচালন কার্যক্রমে যুক্ত ছিলেন না।
থাইল্যান্ডের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সিনাওয়াত্রা পরিবারের প্রতি জোরালো জনসমর্থন রয়েছে।
ইংলাকের সরকারকে গত বছরের মে মাসে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়। ধান চাষে ভর্তুকিসংক্রান্ত ওই প্রকল্পে ইংলাকের ভূমিকার কারণে সামরিক বাহিনী নিযুক্ত আইনসভা গত জানুয়ারিতে তাঁকে অভিশংসিত করে। এরপর ফৌজদারি অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেন অ্যাটর্নি জেনারেল। এতে অভিযোগ করা হয়, ইংলাক দায়িত্ব পালনে অবহেলা করেছেন।
ইংলাকের সরকারের বিরুদ্ধে রাজপথে অনুষ্ঠিত গণবিক্ষোভের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল ধানচাষিদের দেওয়া ভর্তুকির ওই প্রকল্প। ওই বিক্ষোভের পরপরই সেনাবাহিনী একটি অভ্যুত্থানের মাধ্যমে ইংলাককে ক্ষমতাচ্যুত করে।
ইংলাকের বড় ভাই থাকসিন সিনাওয়াত্রাও ২০০৬ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর পদ হারান। তিনি বর্তমানে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন। কিন্তু পারিবারিক ভাবমূর্তি ও প্রভাব এবং দলীয় মিত্রদের সহযোগিতায় ২০০১ সাল থেকে অনুষ্ঠিত সব কটি নির্বাচনেই তাঁদের দল বিজয়ী হয়েছে। জনমুখী বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কারণে থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় গ্রামীণ জনপদে সিনাওয়াত্রা পরিবার ও তাদের দলের জনপ্রিয়তা রয়েছে। কিন্তু দেশটির প্রভাবশালী অভিজাত সম্প্রদায় তাদের অপছন্দ করে।