ইংলাকের বিরুদ্ধে মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে চালে ভর্তুকি কর্মসূচিতে অবহেলার মামলার রায় আজ শুক্রবার দেওয়া হবে। এই রায়কে কেন্দ্র করে আজ সকাল থেকে ইংলাকের সমর্থকেরা ব্যাংককে সুপ্রিম কোর্টের বাইরে জড়ো হতে শুরু করেছেন। খবর বিবিসি অনলাইন ও রয়টার্সের।

রায়ে ইংলাককে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। ইংলাক আজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হতে পারেন। দীর্ঘ-বিলম্বিত এই রায়কে কেন্দ্র করে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে তীব্র উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং ভবিষ্যতে রাজনৈতিক-বিভক্ত এই দেশটিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।

ব্যাংকক মহানগর পুলিশ জানিয়েছে, আদালতে প্রায় চার হাজার পুলিশ নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তল্লাশিচৌকি বসানো হয়েছে।

চালে ভর্তুকির কর্মসূচিটি ছিল ইংলাক প্রশাসনের প্রধান একটি নীতি। ওই কর্মসূচিতে কৃষকদের কাছ থেকে বাজারমূল্যের চেয়ে ৫০ শতাংশ বেশি মূল্যে ধান কেনা হয়। এই কর্মসূচিটি কৃষকদের কাছে জনপ্রিয় ছিল। এই কর্মসূচির কারণে দেশটিতে চালের বিশাল মজুত সৃষ্টি হয় এবং লোকসান হয় ৮০০ কোটি ডলার।

ওই কর্মসূচিতে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন ইংলাক। তিনি বলেন, ওই কর্মসূচির দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে তিনি ছিলেন না। ২০১৫ সালের জানুয়ারিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার করে পার্লামেন্টে দাঁড়িয়ে ইংলাক বলেন, ‘আমি সততার সঙ্গে আইন অনুযায়ী সরকার পরিচালনা করেছি।’ তিনি বলেন, উৎপাদনকারী কৃষকদের চালের মূল্য হ্রাসের নেতিবাচক প্রভাব এবং ঋণ থেকে মুক্তি দিতে তিনি ভর্তুকি প্রকল্প চালু করেন। ইংলাকের দাবি, তাঁর এ পদক্ষেপে ১৮ লাখ কৃষক উপকৃত হয়।

২০১৪ সালের ২২ মে সেনাবাহিনী ক্ষমতা দখল করার মাত্র কয়েক দিন আগে আদালতের এক বিতর্কিত আদেশে ক্ষমতাচ্যুত হন থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। ২০১১ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। ইংলাক স্বেচ্ছা-নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন।