ইইউ ও জাপানের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এক ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সম্পাদন করেছেন। এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংরক্ষণবাদী নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ বলে বিশ্লেষকেরা মনে করছেন।
দীর্ঘ চার বছরের আলোচনার ফসল এই চুক্তি সম্পাদিত হলো জার্মানিতে জি-২০ সম্মেলন শুরুর প্রাক্কালে। উন্নয়নের দৌড়ে এগিয়ে থাকা বিশ্বের শীর্ষ ২০ পুঁজিবাদী রাষ্ট্রের অংশগ্রহণে জি-২০ শীর্ষ সম্মেলন আজ শুক্রবার শুরু হচ্ছে হামবুর্গ শহরে। সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য ক্ষেত্রে তাঁর সংরক্ষণবাদী নীতির পক্ষে যুক্তি তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।
ব্রাসেলসে শিনজো আবে ও ইইউর প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের অংশগ্রহণে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রধান জ্যঁ ক্লদ জাঙ্কার বলেন, ‘আজ আমরা জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পাদনে একমত হলাম।’ ইইউ ও জাপানের মধ্যে এটাই প্রথম এত বড় চুক্তি।
পোল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী টুস্ক বলেন, ইইউ বিশ্বাস করে বিশ্বের রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে মুক্ত মত, সহযোগিতা ও বাণিজ্যের ওপর ভিত্তি করে। তিনি বলেন, ‘কিন্তু আমাদের মধ্যে সম্পাদিত চুক্তিটি কেবল বাণিজ্যের স্বার্থে নয়, এর সঙ্গে আমাদের সমাজের সব ধরনের মূল্যবোধ, গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারও জড়িয়ে আছে।’
এই চুক্তির মধ্য দিয়ে ইইউ চায় বিশ্বের অন্যতম বৃহৎ বাজার, বিশেষত জাপানের মোটর শিল্পের বাজারে প্রবেশ করতে। আর জাপান চায় ১২ জাতির ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের (টিপিপি) ব্যর্থতা কাটিয়ে বিভিন্ন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করতে। গত ২৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে নিজের দেশকে টিপিপি থেকে প্রত্যাহার করে নেন। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রসহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ বহুল বিতর্কিত টিপিপি চুক্তিতে স্বাক্ষর করে। ইইউর কর্মকর্তারা বলছেন, এই চুক্তির ফলে ইইউভুক্ত দেশগুলোর কৃষকেরা বেশি লাভবান হবেন।