ইউএইর সন্ত্রাসীর তালিকায় ৮৩ গোষ্ঠী
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ৮৩টি কট্টর ইসলামপন্থী গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে ঘোষণা দিয়েছে। গত শনিবার দেশটি এ তালিকা প্রকাশ করেছে। খবর এএফপির।
ইউএইর মন্ত্রিসভায় অনুমোদনের পর সংবাদ সংস্থা ডব্লিউএমএর মাধ্যমে ওই তালিকা প্রকাশ করা হয়। তালিকাটিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদা, মিসরে নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুড ও ইয়েমেনের হুথি মিলিশিয়ার নাম রয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে সক্রিয় অনেক মিলিশিয়া গোষ্ঠী ও ব্রিগেডের নাম রয়েছে এতে।
উপসাগরীয় দেশগুলোসহ ইরাকে সক্রিয় শিয়া হিজবুল্লাহ ইন দ্য গালফ স্টেটস অ্যান্ড ব্রিগেডস নামের একটি সংগঠনকেও ওই তালিকায় রেখেছে ইউএই। কিন্তু প্রভাবশালী শিয়াগোষ্ঠী হিজবুল্লাহর নাম নেই।
এর আগে ইউএই সরকার দেশটিতে ব্রাদারহুডের শাখা খোলার দায়ে মিসর ও আমিরাতের অন্তত ১২ জন নেতাকে কারাদণ্ড দেয়।
সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান অভিযানে অংশ নিচ্ছে ইউএই। গত মার্চে সৌদি আরবও এ ধরনের একটি তালিকা প্রকাশ করেছিল।