ইউক্রেন থেকে জাপানি নাগরিক সরানোর বিবেচনা করছে টোকিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশ হামলা প্রতিরোধে ইউক্রেনে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য
ছবি: রয়টার্স

ইউক্রেনের সীমান্ত বরাবর রুশ সেনা সমাবেশ বৃদ্ধি পাওয়ার মুখে যুদ্ধের সম্ভাবনা নিয়ে সোচ্চার হয়ে উঠেছে পশ্চিমের সংবাদমাধ্যম। মস্কো অবশ্য উত্তেজনা বৃদ্ধির পেছনে পশ্চিমা জোটের রাশিয়াকে ঘরে ফেলার ষড়যন্ত্রকে দায়ী করে বলছে, রুশ সীমান্ত বরাবর ন্যাটো জোটের সম্প্রসারণ ঠেকাতে রাশিয়া দেশের প্রতিরক্ষার স্বার্থেই সেনা মোতায়েন বৃদ্ধি করছে। অন্য কোনো ভূখণ্ডে হামলা চালানোর জন্য নয়। প্রধান শক্তিধর দেশগুলোর মধ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে বাগ্‌বিতণ্ডা চলতে থাকার মুখে উত্তেজনাকর এক পরিস্থিতি সেখানে দেখা দিয়েছে।

জাপান অবশ্য এখনো পর্যন্ত সরাসরি পক্ষ অবলম্বনের ঘোষণা দেয়নি। গত সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আন্তর্জাতিক বিষয়াবলিতে ওয়াশিংটনের পাশে তাঁর দেশের দৃঢ় অবস্থান পুনরায় নিশ্চিত করেছেন।

রুশ-ইউক্রেন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায় জাপান এখন বলছে, ইউক্রেন থেকে জাপানি নাগরিকদের সরিয়ে নেওয়ার সম্ভাবনা টোকিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখছে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে দূতাবাসে কর্মরত মার্কিন নাগরিকদের পরিবারের সদস্যদের সরিয়ে আনার ঘোষণা দেওয়ার পর জাপানের পক্ষ থেকে আজ সোমবার জাপানি নাগরিকদের সরিয়ে আনায় সরকারের এই অবস্থান সম্পর্কে জানানো হয়।

জাপানের মন্ত্রীসভার ঊর্ধ্বতন সদস্য, চিফ কেবিনেট সেক্রেটারি হিরোকাজু মাৎসুনো আজ নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, অনাহূত পরিস্থিতি দেখা দেওয়ার সম্ভাবনার আলোকে পূর্ব ইউরোপের সেই দেশ থেকে অন্যত্র সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ জাপানি নাগরিকদের ইতিমধ্যে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং সম্পর্কিত অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার পাশাপাশি পরিস্থিতির রদবদলের ওপর জাপান সরকার নজর রেখে যাবে।

জাপানের সংবাদমাধ্যমকে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দূতাবাসের কর্মীদের পরিবারের সদস্যসহ প্রায় ২৫০ জন জাপানি নাগরিক বর্তমানে ইউক্রেনে অবস্থান করছেন।