ইন্দোনেশিয়া থেকে ব্রাজিলীয় ও ওলন্দাজ রাষ্ট্রদূত প্রত্যাহার
ইন্দোনেশিয়ায় মাদক আইনে দোষী সাব্যস্ত ব্রাজিলীয় ও ওলন্দাজ দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে দেশ দুটি। তারা গতকাল রোববার ইন্দোনেশিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। খবর এএফপি ও বিবিসির।
গত শনিবার মধ্যরাতে ব্রাজিলের মার্কো আর্চার কারদোসো মোরেইরা (৫৩) এবং নেদারল্যান্ডসের অং কিয়েম সোর (৫২) মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর হয়। এছাড়া ইন্দোনেশিয়া, মালাউয়ি, নাইজেরিয়া ও ভিয়েতনামের আরও চারজনকেও একই ঘটনায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মানবিক বিবেচনায় তাঁদের ক্ষমা করে দিতে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ এবং নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেক্সান্ডার ও প্রধানমন্ত্রী মার্ক রুট ইন্দোনেশিয়ার কাছে অনুরোধ জানিয়েছিলেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ বলেছেন, এ ঘটনায় ব্রাজিল-ইন্দোনেশিয়া সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। বিদেশে এটাই কোনো ব্রাজিলীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রথম ঘটনা।