ইন্দোনেশিয়ায় ঈদের ছুটিতে আগ্নেয়গিরির বাগড়া

জাভা দ্বীপের মাউন্ট দ্রাউং থেকে অগ্ন্যুৎপাতের কারণে হুমকির মুখে পড়েছে ইন্দোনেশিয়ায় পর্যটন শিল্প। গত কয়েক সপ্তাহ ধরেই আগ্নেয়গিরিটি থেকে বের হয়ে আসা ছাই ও ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে আশপাশের দ্বীপগুলো। ফলে বন্ধ করে দিতে হচ্ছে ওই সব দ্বীপের বিমানবন্দরগুলো। এতে ঈদের মতো ভরা মৌসুমেও হুমকির মুখে পড়েছে পুরো এই খাত।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফবি জানায়, আগ্নেয়গিরিটির এ বাগড়ায় বালি দ্বীপের বিমানবন্দরের একদিন পর জাভা দ্বীপে আজ বন্ধ করে দেওয়া হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরা বায়ার আন্তর্জাতিক বিমানবন্দরও।
এই বিমানবন্দরের মুখপাত্র লিজা অনিন্দ্য এএফপিকে বলেন, আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আজ স্থানীয় সময় বেলা দেড়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সুরাবায়ার জুয়ান্দা বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। আশঙ্কা করা হচ্ছে অগ্ন্যুৎপাতের সঙ্গে বের হয়ে আসা ছাই ফ্লাইটগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
ইন্দোনেশিয়া ফ্ল্যাগ ক্যারিয়ার গারুদা এক ঘোষণায় বলে, সুরাবায়াতে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে এয়ার এশিয়া এই বিমানবন্দরে তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

যোগাযোগ মন্ত্রণালয় জানায়, জাভার মালাং শহর থেকে ছেড়ে যাওয়া অভ্যন্তরীণ সব ফ্লাইটও বাতিল করা হয়েছে। অন্যদিকে আরেকটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের কারণে দেশটির পূর্বাঞ্চলে প্রত্যন্ত দ্বীপ তারনাতের বিমানবন্দরও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
সুরাবায়া থেকে ১১০ মাইল পশ্চিমে মাউন্ট দ্রাউং-কে ঘিরে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। গত সপ্তাহে বালির বিমানবন্দরটি দুই বার বন্ধ করা হয়েছিল।
অথচ ঈদের এ মৌসুম ইন্দোনেশিয়ার পর্যটন শিল্পের জন্য উপযুক্ত সময়। ঈদের ছুটিতে দেশটির বিভিন্ন দ্বীপে ভিড় জমান দেশ-বিদেশের অনেক পর্যটক।
বৈরী এ পরিস্থিতিতে বালি দ্বীপের নুরাহ রাই বিমানবন্দরে আটকা পড়েছেন হাজার হাজার পর্যটক। এরই মধ্যে প্রায় ৯০০ ফ্লাইট বাতিল বা দেরি হয়েছে।
দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরও বলেন, মাউন্ট দ্রাউং থেকে নির্গত ধোঁয়া পাহাড়ের উচ্চতা থেকে ২ হাজার মিটার পর্যন্ত উপরে বাতাসে ছড়াচ্ছে। ইন্দোনেশিয়াতে ১৩০টি জীবিত আগ্নেয়গিরি রয়েছে। ফলে প্রায়ই অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। এতে বেশি বাধাগ্রস্ত হয় বিমান চলাচল।