ইন্দোনেশিয়ায় দুই ব্রিটিশ সাংবাদিকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ইন্দোনেশিয়ায় দুই ব্রিটিশ সাংবাদিককে আড়াই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিবিসি অনলাইনের খবরে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন নিল বনার ও রেবেকা প্রোসের। আদালত তাঁদের আড়াই হাজার ডলার করে জরিমানা করেছেন।

পর্যটক ভিসায় ইন্দোনেশিয়ায় গিয়ে এই দুজন গোপনে জলদস্যুদের দৌরাত্ম্য নিয়ে তথ্যচিত্র বানানোর জন্য চিত্রগ্রহণ করছিলেন। এটি দেশটির অভিবাসন আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গত ২৮ মে দেশটির বাতাম দ্বীপ থেকে নৌবাহিনীর সদস্যরা তাঁদের আটক করে।

আদালত এই দুই ব্রিটিশ নাগরিককে আড়াই মাসের কারাদণ্ড দেন। অবশ্য এর চেয়ে বেশি সময় তাঁরা কারাভোগ করে ফেলেছেন। এতে তাঁরা দুই দিনের মধ্যে মুক্ত হয়ে দেশে ফিরতে পারবেন।

রায়ের পর নিল বনার সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি না সাংবাদিকতা কোনো অপরাধ।’

নিল বনার ও রেবেকা প্রোসের লন্ডন-ভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান ‘ওয়াল টু ওয়াল’-এ কাজ করেন। যে তথ্যচিত্র তারা নির্মাণ করছিলেন, এর জন্য অর্থ সহায়তা দিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক।