ইন্দোনেশিয়ায় পর্যটকদের নৌকায় আগুন লেগে নিহত ২৩

ইন্দোনেশিয়ায় পর্যটকদের বহনকারী একটি নৌযানে আজ রোববার আগুন ধরে গিয়ে ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৭ জন। উদ্ধার করা হয়েছে প্রায় ১০০ জনকে। নৌকাটি যাচ্ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরে থাকা থাউজেন্ড দ্বীপে। আজ এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়।
থাউজেন্ড দ্বীপের পুলিশের মুখপাত্র ফেরি বুধিহারসো বলেন, জাহরো এক্সপ্রেস নামের ওই নৌযানটি উত্তর জাকার্তার মুয়ারা আংকে বন্দর ছেড়ে যাওয়ায় কিছু ক্ষণের মধ্যেই নৌকাটিতে আগুন ধরে যায়। তিনি বলেন, নৌযানে থাকা পাওয়ার জেনারেটরে শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।
জাকার্তার তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান হেনন্দ্রা সুধিরম্যান বলেন, নৌযানটিতে ২৪৮ জন ছিল। এর ধারণক্ষমতা ছিল ১০০ জনের মতো। ২০০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আর ৩২ জন চিকিৎসা নিচ্ছে। দুর্ঘটনার কবল থেকে ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে।
চিকিৎসাধীন এক যাত্রী আরধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, হঠাৎ ধোঁয়া দেখা গেল। এরপর কেবিন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। তিনি আরও বলেন, সব যাত্রী আতঙ্কিত হয়ে দৌড়ে ডেকে চলে আসে। যেখানে জ্বালানি রাখা ছিল, সেখানে এরপর বড় আকারে আগুন দেখা যায়।
শত শত দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় অহরহ সমুদ্রপথে দুর্ঘটনা ঘটে থাকে। প্রায়ই নৌযানগুলো অতিরিক্ত যাত্রী বোঝাই থাকে এবং যাত্রীদের জন্য পর্যাপ্ত লাইফ জ্যাকেট থাকে না।