ইন্দোনেশিয়ায় বিদেশিদের মৃত্যুদণ্ড কার্যকরে প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় কয়েকজন বিদেশি মাদক পাচারকারীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ বুধবার স্থানীয় সময় ভোর পাঁচটায় মধ্য ইন্দোনেশিয়ার নুসাকাম্বাগান দ্বীপে অবস্থিত কারাগারে ফায়ারিং স্কোয়াডে আট মাদক পাচারকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে অস্ট্রেলিয়ার দুজন, ব্রাজিলের একজন, আফ্রিকার চারজন ও ইন্দোনেশিয়ার একজন। শেষ মুহূর্তে ফিলিপাইনের অভিযুক্তকে এক নারী মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হয়েছে।
অস্ট্রেলীয় দুই নাগরিক অ্যান্ড্রু চ্যান ও মাইয়ুরান সুকুমারানের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিক্রিয়ায় ইন্দোনেশিয়া থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। এই দুজনের মৃত্যুদণ্ড কার্যকর ঠেকাতে অনেক চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া। দেশটির সব চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে নির্মম ও অপ্রয়োজনীয় হিসেবে বর্ণনা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট।
অস্ট্রেলিয়ার কাছে ইন্দোনেশিয়ার গুরুত্ব রয়েছে। দেশ দুটি সন্ত্রাসবাদসহ বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করে আসছে। এই প্রথম ইন্দোনেশিয়া থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল অস্ট্রেলিয়া।
নিজেদের এক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ব্রাজিলও প্রতিক্রিয়া দেখিয়েছে। এ ঘটনায় দেশটির সরকার গভীর হতাশা প্রকাশ করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের আবেদনের বিষয়ে ইন্দোনেশিয়া সংবেদনশীল ছিল না। এটি দুই দেশের সম্পর্কে একটি গুরুতর ঘটনা হয়ে থাকবে।
হেরোইন পাচারের চেষ্টার অভিযোগে চ্যান ও সুকুমারানসহ নয়জন বিদেশিকে ২০০৫ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে গ্রেপ্তার করা হয়। এ কারণে তাঁরা ‘বালি নাইন’ নামে পরিচিতি পান। ২০০৬ সালে আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হন। ওই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের মধ্যে কেউ যাবজ্জীবন ও কেউবা ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।