ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৮ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণের কারণে ঘটা ভূমিধসে আটজন মারা গেছে। নিখোঁজ হয়েছে অন্তত ১০০ জন। জাভা দ্বীপের মূল ভূখণ্ডে এ ঘটনা ঘটে বলে আজ শনিবার একজন কর্মকর্তা জানান।

ওই কর্মকর্তার বরাত দিয়ে আজ এএফপির খবরে জানানো হয়, গতকাল শুক্রবার জেমলাং গ্রামে আঘাত হানা ওই ভূমিধসে অনেক ঘরবাড়ি চাপা পড়েছে। শতাধিক উদ্ধারকর্মী মাটি ও পাথর খুঁড়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
টিভি ফুটেজে দেখা যায়, জাভা দ্বীপের পাহাড়ি এলাকাগুলো কাদায় ঢাকা পড়েছে। রাস্তা ও ঘরবাড়ি বিধ্বস্ত। দুর্যোগ সংস্থার মুখপাত্র সাতুপো পারয়ো নাগরোহো জানান, একসঙ্গে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খোঁজ চলছে।
নাগরোহো জানান, ভারী যন্ত্র দিয়ে রাস্তা থেকে ভূমিধসের বর্জ্য সরানোর কাজ চলছে। ওই এলাকায় নেটওয়ার্ক না থাকায় উদ্ধারকর্মীরা ফোনে নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারছেন না।
নাম প্রকাশ না করে একজন উদ্ধারকর্মী জানান, উদ্ধারকাজে ২০০ জন উদ্ধারকর্মী ও ৫০০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। ইন্দোনেশিয়ায় সাধারণত বর্ষাকালে ভারী বৃষ্টি ও বন্যার কারণে ভূমিধসের ঘটনা ঘটে।