ইন্দোনেশিয়ায় ৪২৬ অভিবাসন-প্রত্যাশী উদ্ধার

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূল থেকে আজ বুধবার ৪২৬ জন অভিবাসন-প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাঁরা কয়েক মাস ধরে সমুদ্রে ভাসছিলেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, দুই দফায় দুটি নৌযান থেকে এই অভিবাসন-প্রত্যাশীদের উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে থাকা স্থানীয় মৎস্যজীবী তেউকু নায়েক ইদ্রিস বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা খুব দুর্বল। অনেকে অসুস্থ। তাঁরা জানান, তাঁদের কিছু সহযাত্রী না খেয়ে মারা গেছেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে প্রথমে জানানো হয়, স্থানীয় মৎস্যজীবীরা ১০২ জন অভিবাসন-প্রত্যাশীকে একটি ভাসমান নৌযান থেকে উদ্ধার করেছেন। মালাক্কা প্রণালি থেকে তাঁদের উদ্ধার করা হয়।
প্রথম দফার উদ্ধার প্রসঙ্গে ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার কর্মকর্তা খাইরুল নোভা বলেন, স্থানীয় সময় রাত দুইটার দিকে ১০২ জনকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে ৩০ জন শিশু ও ২৬ জন নারী। তাঁদের পূর্ব আচেহ জেলার একটি গ্রামে নেওয়া হয়েছে।
সাদিকিন নামের অপর এক কর্মকর্তার ভাষ্য, প্রথম ঘটনার কয়েক ঘণ্টা পর আরেক দল অভিবাসন-প্রত্যাশীকে একটি ভাসমান নৌযান থেকে উদ্ধার করা হয়। তাঁদের বহনকারী নৌযানটি উপকূল থেকে ৪০ মাইল দূরে ছিল। তাঁদের পূর্ব আচেহ জেলার জালুক এলাকার একটি বন্দরে নিয়ে আসা হয়েছে।
দ্বিতীয় দফায় উদ্ধার হওয়া অভিবাসন-প্রত্যাশীদের সম্পর্কে ইন্দোনেশীয় কর্মকর্তা সাদিকিন বলেন, নৌযানটি সমুদ্রে ওঠা-নামা করছিল। ইঞ্জিন ছিল বিকল। তাঁদের দেখে মৎস্যজীবীদের মায়া হয়। তাঁদের অসুস্থ ও দুর্বল দেখাচ্ছিল। কেউ কেউ ডায়রিয়ায় ভুগছেন বলে মনে হয়। তাঁরা খাবার ও পানির অভাবে ছিলেন। তাঁদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘অভিবাসী’ সংকট নিয়ে আজ কুয়ালালামপুরে ত্রিদেশীয় আলোচনার প্রাক্কালে এই ৪২৬ জন অভিবাসন-প্রত্যাশী উদ্ধার হলেন। এর আগে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের উপকূল ও গভীর জঙ্গল থেকে হাজারো অভিবাসীকে উদ্ধার করা হয়।
বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রায় ছয় হাজার মানুষ নিয়ে মানব পাচারকারীদের কিছু নৌকা মালাক্কা প্রণালি ও আন্দামান সাগরে ভাসছে।
গতকাল মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে, বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে অন্তত পাঁচটি নৌকায় ৪০ দিনেরও বেশি সময় ধরে ভাসছে দুই হাজার অভিবাসন-প্রত্যাশী মানুষ। তাদের খাবার ও পানীয় জল ফুরিয়ে এসেছে। খাবার নিয়ে নৌকায় চলছে সংঘর্ষ-খুনোখুনি।