ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ায় মালাকা দ্বীপপুঞ্জের কাছে সাগরের তলদেশে আজ শনিবার ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরে ওই এলাকায় প্রথমে সুনামির সতর্কতা জারি করা হয়। তবে পরে তা প্রত্যাহার করা হয়েছে।

বিবিসির এক খবরে ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানায়, জাইয়োলো দ্বীপে ৯ সেন্টিমিটার উচ্চতাসম্পন্ন একটি ঢেউ আঘাত হানে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে রয়টার্সের এক খবরে হাওয়াই দ্বীপে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামি আঘাত হানতে পারে। তবে প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামির আশঙ্কা নেই বলে জানায় সংস্থাটি। কেন্দ্রটি সতর্কতা জারি করে আরও বলে, আধা ঘণ্টার মধ্যে সুনামি প্রথম দফায় ও ছয় ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় আঘাত হানতে পারে। তবে প্রথম দফার আঘাতটি খুব বেশি শক্তিশালী হবে না।

সুনামি সতর্কতা কেন্দ্র আরও জানায়, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, জাপানের ওকিনোয়া ও তাইওয়ানে সুনামি আঘাত হানতে পারে। তবে পরে সতর্কতা-সংকেত প্রত্যাহার করা হয়।

মালাকা দ্বীপের টেরনাতি থেকে ১৩৪ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে সাগরের ৪৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।