ইন্দোনেশিয়ায় সেই দুই অস্ট্রেলীয়র আবেদন প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক চোরাচালানের দায়ে ইন্দোনেশিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই অস্ট্রেলীয় নাগরিকের আবেদন গতকাল সোমবার নাকচ করে দিয়েছেন একটি আদালত। এর ফলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। খবর এএফপির।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্ট গতকাল ওই রায় দেওয়ার পর অস্ট্রেলীয় দুই নাগরিক এন্ড্রু চ্যান ও মাইয়ুরান সুকুমারানের আইনজীবীরা ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেছেন, ওই আইনজীবীরা ‘বিচার নিয়ে খেলছেন’। এতে তাঁরা সফল হবেন না এবং এটা দুই অস্ট্রেলীয়র মৃত্যুদণ্ড কার্যকর বিলম্বিত করবে না বলেও জানান তিনি।
ইন্দোনেশিয়ায় হেরোইন পাচারের চেষ্টার ঘটনায় ২০০৬ সালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় কথিত ‘বালি নাইন’ নামের একটি মাদক চোরাচালান গোষ্ঠীর নেতা চ্যান ও সুকুমারানের। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছে প্রাণভিক্ষার আবেদন করলেও তা নাকচ হয়ে যায়।