ইন্দোনেশিয়ার উপকূল থেকে প্রায় ৫০০ রোহিঙ্গা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার উপকূল থেকে একটি নৌকা থেকে মিয়ানমারের প্রায় ৫০০ রোহিঙ্গা মুসলমান নাগরিককে উদ্ধার করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের আচেহ প্রদেশ এলাকার জলসীমানা থেকে তাঁদের উদ্ধার করা হয়। নৌকাটিতে অনেক নারী ও শিশু ছিল। বিবিসি অনলাইনের খবরে আজ রোববার এ কথা জানানো হয়।

রোহিঙ্গা মুসলমানদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে আসছে মিয়ানমার সরকার। এই প্রেক্ষাপটে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি থেকে রোহিঙ্গাদের অন্যত্র চলে যাওয়ার প্রবণতা বেড়েছে। থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের বনাঞ্চলঘেরা সীমান্ত তাঁদের পালিয়ে যাওয়ার প্রধান পথ। তবে অনেকে সাগরপথেও অন্য দেশে পাড়ি দিচ্ছেন।
আচেহ প্রদেশের প্রধান উদ্ধারকারী কর্মকর্তা বুদিয়াওয়ান বলেন, ‘আজ সকালে মৎস্যজীবীদের কাছ থেকে খবর পেয়েছি, নৌকায় করে লোকজন তীরের দিকে আসছে। দ্রুত সেখানে দল পাঠানো হয়। নৌকা থেকে ৪৬৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।’ এই রোহিঙ্গারা মিয়ানমার ও বাংলাদেশ থেকে যাওয়া বলে তিনি দাবি করেন।
কয়েক বছর ধরে মিয়ানমার সরকার ও দেশটির স্থানীয় বাসিন্দাদের ক্রমাগত নির্যাতনের জেরে দেশটি থেকে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে গত বছরের ডিসেম্বরে জাতিসংঘ একটি প্রস্তাব পাস করে।