ইন্দোনেশিয়ার বিমানের যাত্রীদের মৃতদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে গত রোববার বিধ্বস্ত উড়োজাহাজের ৫৪ আরোহীর কেউ বেঁচে নেই। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার স্থান থেকে আরোহীদের লাশ এবং উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। খবর এএফপির।
গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের গভীর জঙ্গলের প্রত্যন্ত এলাকায় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। ধ্বংসস্তূপে মিলে ৫৪টি নিথর দেহ। এর মধ্যে কোনো লাশ অক্ষত অবস্থায় নেই। অনেকগুলো মারাত্মকভাবে পুড়ে গেছে।
দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, উড়োজাহাজটির ব্ল্যাকবক্স পাওয়া গেছে। এই বক্সে ফ্লাইটের তথ্য থেকে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সূত্র খুঁজে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। যদিও এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছিল।
গতকাল স্থানীয় সময় সাড়ে নয়টায় পাপুয়ার ওই দুর্ঘটনাকবলিত স্থানে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার প্রধান বামবাং সোয়েলিস্টিয়ো জানান, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সবকিছুই টুকরো টুকরো এবং উড়োজাহাজের ধ্বংসাবশেষে পোড়া চিহ্নও রয়েছে।
অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা জানায়, উড়োজাহাজ বিধ্বস্তের এলাকা থেকে হেলিকপ্টারে করে লাশ নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। যদিও অতি দ্রুত পরিবর্তনশীল আবহাওয়াই এখন মূল চ্যালেঞ্জ তাদের জন্য।
গত রোববার পাপুয়ার রাজধানী জায়াপুরা থেকে ৪৯ জন যাত্রী এবং পাঁচজন ক্রু নিয়ে আকাশপথে ৪৫ মিনিট দূরত্বের পথ ওকসিবিলের উদ্দেশ্যে যাত্রা করেছিল ট্রিগানা এয়ারের ওই ফ্লাইটটি। অবতরণের মাত্র ১০ মিনিটি আগে দুর্ঘটনার শিকার হয় সেটি।