ইন্দোনেশিয়ায় গির্জায় বোমা হামলায় নিহত ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোমা হামলার পর একটি গির্জার বাইরে পুলিশি তৎপরতা। ছবি: রয়টার্স
বোমা হামলার পর একটি গির্জার বাইরে পুলিশি তৎপরতা। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় আজ রোববার সকালে পৃথক তিনটি গির্জায় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে ১১ নিহত ও ৪০ জন আহত হয়েছে। 

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এই বোমা হামলাগুলো হয়। হামলা তিনটি কয়েক মিনিটের ব্যবধানে সংঘটিত হয়।

টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, একটি গির্জার প্রবেশপথে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

দেশটির কর্মকর্তারা বলছেন, অন্যান্য গির্জায়ও হামলার পরিকল্পনা ছিল। তবে তাঁরা তা নস্যাৎ করে দিয়েছেন।

কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এই রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেনি।

ইন্দোনেশিয়ার গোয়েন্দা সংস্থা বলছে, ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত হয়ে জেএডি নামের একটি জঙ্গিগোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে বলে তারা সন্দেহ করছে।

হামলার নিন্দা জানিয়েছে দেশটির সরকার। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে সমবেদনাও জানানো হয়েছে।

দেশটির খ্রিষ্টান নেতারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সন্ত্রাসী হামলায় ভীত না হওয়ার জন্যও বলেছেন তাঁরা।

ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সম্প্রতি দেশটিতে ইসলামি জঙ্গিবাদ ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।