ইন্দোনেশিয়ায় নিহতের সংখ্যা ১২০০

ইন্দোনেশিয়ায় গত শুক্রবারের ভূমিকম্প ও সুনামির ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় সুলাওয়েসি দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে।

সুনামিতে সৃষ্ট প্রায় ২০ ফুট উঁচু ঢেউ উপকূলীয় পালু শহরকে ভাসিয়ে দেয়। ভূমিকম্প-সুনামিতে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আশপাশের প্রত্যন্ত অঞ্চলেও তার প্রভাব পড়ে।
ভূমিকম্প-সুনামিতে গতকাল সোমবার পর্যন্ত মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে ৮৪৪ হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করে। আজ মঙ্গলবার এই সংখ্যা বেড়ে ১ হজার ২০০ ছাড়িয়ে যায়।
ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

উপদ্রুত এলাকার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ত্রাণ পেতে দুর্গত এলাকার মানুষ এখন মরিয়া।
বিশেষ করে পালু শহরে খাবার, পানি ও জ্বালানির চরম সংকট দেখা দিয়েছে। রাস্তাঘাট বন্ধ থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি পর্যন্ত ছুড়তে হয়েছে।