ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে আহত ৬০

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে আজ শুক্রবার সকালে শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। এতে ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপকূলীয় শহর সারং-এর অদূরে স্থানীয় সময় রাত একটার দিকে পাপুয়া অঞ্চলে ৬ দশমিক ৬ তীব্রতার এই ভূমিকম্প হয়। খবর এএফপির।
ভূমিকম্পের পরপরই ঘুমন্ত লোকজন জেগে ওঠে এবং আতঙ্কে বাড়িঘর থেকে হুড়মুড় করে বের হয়ে আসেন। সারং শহরের হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো বলেন, ভূমিকম্পে ১৭ জন গুরুতর ও ৪৫ জন সামান্য আহত হয়েছেন। ২০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নুগরোহো এক বিবৃতিতে বলেন, ‘এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আমরা এখনো তথ্য সংগ্রহ করছি। আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছি।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানায়, এই ভূমিকম্পের উৎপত্তি ছিল ২৪ কিলোমিটার গভীরে।