ইন্দোনেশিয়ায় যত জঙ্গি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গতকাল জঙ্গি হামলার সময় পুলিশের সতর্ক অবস্থান l ছবি: রয়টার্স
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গতকাল জঙ্গি হামলার সময় পুলিশের সতর্ক অবস্থান l ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আজ বৃহস্পতিবার ধারাবাহিক বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন হামলাকারীসহ মোট সাতজনের মৃত্যু হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। এ হামলার দায় স্বীকার করেছে আইএস (ইসলামিক স্টেট)।
তবে ইন্দোনেশিয়ায় এটাই প্রথম কোনো জঙ্গি হামলা নয়। এর আগেও বেশ কয়েকবার এ ধরনের হামলার শিকার হয়েছে দেশটি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত বড় ধরনের ছয়টি জঙ্গি হামলা হয়েছে দেশটিতে। হামলার ঘটনাগুলো তুলে ধরা হলো পাঠকদের জন্য—
জুলাই, ২০০৯
জাকার্তার ম্যারিয়ট অ্যান্ড রিটজ কার্লটন হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। দুজন হামলাকারীর হামলায় সাতজন নিহত এবং অনেকেই আহত হয়। 
অক্টোবর, ২০০৫
বালিতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীসহ ২৩ জন নিহত হয়।

সেপ্টেম্বর, ২০০৪
জাকার্তায় অস্ট্রেলিয়ান অ্যাম্বেসির বাইরে একটি বোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়।

আগস্ট, ২০০৩
জাকার্তার ম্যারিয়ট হোটেলে বোমা হামলায় ১২ জন নিহত হয়।

অক্টোবর, ২০০২
বালিতে বোমা হামলাতে ২০২ জন নিহত হয়, যার মধ্যে ৮৮ জনই ছিল অস্ট্রেলিয়ান।

ডিসেম্বর, ২০০০
দেশজুড়ে চার্চে বোমা হামলার ঘটনা ঘটে যাতে ১৯ জনের মৃত্যু হয়।

ইন্দোনেশিয়া নিয়ে কিছু তথ্য
বিশ্বের অন্যতম প্রধান উদীয়মান অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে কয়েকটি তথ্য দিয়েছে বিবিসি বাংলা। এই তথ্যগুলো থেকে দেশটি সম্পর্কে একটি ধারণা পাওয়া যেতে পারে।

১. এশিয়া এবং অস্ট্রেলিয়ার মাঝে এক হাজারেরও বেশি দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়ার অবস্থান। দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বেশি মুসলমান বাস করে দেশটিতে। সারা দেশে ৩০০ টিরও বেশি স্থানীয় ভাষা রয়েছে।

২. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি ইন্দোনেশিয়ার। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশটিতে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ছে। তবে দুর্বল অবকাঠামো নিয়ে বিনিয়োগকারীদের অভিযোগ রয়েছে।

৩. বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ। জনসংখ্যা ২৫ কোটিরও বেশি।

৪. ভূমিকম্পপ্রবণ এবং আগ্নেয়গিরি থাকা দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। সর্বশেষ সুনামিতে ইন্দোনেশিয়াতেই দুই লাখ ২০ হাজারের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হয়েছে।

৫. কয়েক বছর ধরে দেশটিতে জঙ্গি গোষ্ঠীগুলোর উপস্থিতি বাড়ছে। এর অনেকগুলোই আল-কায়েদার সঙ্গে জড়িত বলে বলা হয়ে থাকে।

৬. দেশটির অনেকগুলো প্রদেশেই স্বাধীনতার দাবিতে আন্দোলন চলছে।