ইন্দোনেশীয় উড়োজাহাজের খোঁজে তল্লাশি
ইন্দোনেশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে আজ সোমবার সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। আকাশ ও নৌপথে শুরু হয়েছে এই অনুসন্ধান। এয়ার এশিয়ার ওই উড়োজাহাজ গতকাল রোববার ১৬২ জন যাত্রী নিয়ে জাভা সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় হারিয়ে যায়। নিখোঁজ যাত্রীদের স্বজনেরা আপনজনদের খোঁজ পেতে ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। আজ এএফপির খবরে এ কথা জানানো হয়।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির ডেপুটি অপারেশনস চিফ তাতাং জয়েনউদ্দিন বলেন, ‘এয়ার এশিয়ার ওই উড়োজাহাজের খোঁজে আজ ভোর ছয়টা (স্থানীয় সময়) থেকে তল্লাশি শুরু করেছি। আমরা পূর্ব বেলিতাং দ্বীপের দিকে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আশা করছি মালয়েশিয়া ও সিঙ্গাপুর জাহাজ এবং বিমান দিয়ে আমাদের তল্লাশি অভিযানে সহযোগিতা করবে। শিগগিরই ওই উড়োজাহাজের খোঁজ পাব বলে আশা করছি।’
এয়ারবাস এ৩২০-২০০ উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাচ্ছিল।