ইবোলা সারাতে নতুন সাফল্য
ইবোলার জন্য ওষুধ তৈরির চেষ্টা চালাচ্ছেন গবেষকেরা। প্রচলিত একটি ওষুধের ওপর আরও গবেষণা করে নতুন ওষুধ উদ্ভাবনের দাবি করেছেন চীন ও কানাডার গবেষকেরা। ইতিমধ্যে তা বানরের শরীরে পরীক্ষা চালিয়ে সফল হওয়ার দাবি করেছেন তাঁরা। গবেষকেরা আশা করছেন, এ ওষুধ মানুষের ক্ষেত্রে ব্যবহারের উপযোগী হলে কম খরচে ইবোলার চিকিৎসা করা যাবে।
কঙ্গোর উপনদী ইবোলার নাম অনুসারে এই ভাইরাসের নাম। এরা প্রাণিদেহের জীবন্ত কোষগুলো দখল করে নিজেদের জিনোমের প্রজনন ঘটায় | বর্তমানে ইবোলা ভাইরাসের কোনো অনুমোদিত চিকিৎসা নেই। তবে মার্কিন একটি প্রতিষ্ঠানের তৈরি একটি ওষুধ কিছু ক্ষেত্রে কাজে লাগে। কানাডা ও চীনের গবেষকেরা মিলে ইবোলা ভাইরাসের অ্যান্টিবডি তৈরির দাবি করলেন। তাঁরা বলছেন, তাঁরা দুই ধরনের অ্যান্টিবডি ককটেল তৈরি করেছেন, যা প্রাণঘাতী ইবোলাতে আক্রান্ত বানরের ক্ষেত্রে রোগ সারাতে সক্ষম হয়েছে।
‘সায়েন্স ট্রান্সলেশন মেডিসিন’ নামের এক মার্কিন সাময়িকীতে সম্প্রতি এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গবেষকেরা বলছেন, সম্প্রতি পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারিতে কয়েকজন জেডএমএপিপি নামের যে ওষুধ ব্যবহার করে রক্ষা পেয়েছিলেন, এর ওপর ভিত্তি করে এমআইএল ৭৭ই নামের ককটেল তৈরি করা হয়েছে। এই ককটেলটির দুটি অ্যান্টিবডি হচ্ছে ১৩সি ৬ ও ২ জি ৪, যা জেডএমএপিপির মতো কাজ করে। তবে জেডএমএপিপির সঙ্গে এই দুটি ওষুধের পার্থক্য হচ্ছে, জেডএমএপিপিতে তিনটি অ্যান্টিবডি থাকে। এর মধ্যে একটি অ্যান্টিবডি তৈরি করা খুব জটিল।
কানাডিয়ান পাবলিক হেলথ এজেন্সির ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির গবেষক শিয়ানগুয়ো কিউ বার্তা সংস্থা সিনহুয়া বলেন, তাঁদের তৈরি ইবোলার অ্যান্টিবডি মানুষের ক্ষেত্রে কাজে লাগলে চিকিৎসার খরচ কমে যাবে।
জেডএমএপিপি ওষুধটির নির্মাতা যুক্তরাষ্ট্রের ম্যাপ বায়োফার্মাসিউটিক্যাল ইনকরপোরেশন। কিন্তু এই ওষুধটির প্রধান তিনটি উপাদান তৈরি করেছে ন্যাশনাল মাইক্রোবায়োলজি ফাউন্ডেশন ও ইউএস আর্মি মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজেস।
নতুন ওষুধ তৈরির গবেষণায় গবেষক কিউয়ের নেতৃত্বাধীন গবেষকদল দুটি অ্যান্টিবডি তৈরি করে তা বানরের শরীরে ব্যবহার করে ইতিবাচক ফল পায়।
এর আগে এ ধরনের ককটেল তৈরিতে তামাক গাছের জৈব প্রকৌশল প্রক্রিয়ায় এটি একধরনের জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির চেষ্টা করেন গবেষকেরা, যা তিনটি বানরের মধ্যে দুটিকে সংক্রমণ থেকে রক্ষা করতে সক্ষম হয়।
গবেষক কিউ দাবি করেন, জেডএমএপিপি কেবল জায়ার ইবোলাকে রুখতে পারে। কিন্তু ইবোলার প্রায় পাঁচটি প্রজাতি আছে। এ ক্ষেত্রে নতুন আবিষ্কারটি চমৎকার।