ইমরানের বিরুদ্ধে অনাস্থায় মার্কিন ইন্ধন, বিশ্বাস করেন না বেশির ভাগ পাকিস্তানি
পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাবের পেছনে যুক্তরাষ্ট্রের ইন্ধন ছিল বলে মনে করেন মাত্র ৩৬ শতাংশ পাকিস্তানি। তবে পাকিস্তানের ৬৪ শতাংশ নাগরিক তা মানতে রাজি নন। গ্যালাপ পাকিস্তানের চালানো এক জনমত জরিপে এমন পরিসংখ্যান পাওয়া গেছে। খবর দ্য নিউজের।
প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাবকে গত রোববার জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে খারিজ করে দেন। এর পরপরই প্রেসিডেন্টকে জাতীয় পরিষদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন আয়োজনের পরামর্শ দেন ইমরান খান। সে অনুযায়ী, ডেপুটি স্পিকার জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন। ইমরান বলে আসছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতে পেছন থেকে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র। যদিও এরই মধ্যে ওয়াশিংটন এ অভিযোগ অস্বীকার করেছে।
এমন অবস্থায় গত রবি ও সোমবার পাকিস্তানের ৮০০ মানুষের মধ্যে জরিপ চালিয়েছে গ্যালাপ পাকিস্তান। টেলিফোনে এসব মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়েছিল, তাঁরা যুক্তরাষ্ট্র সম্পর্কে কী ভাবেন? উত্তরে ৭২ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে শত্রু হিসেবে উল্লেখ করেছেন। আর ২৮ শতাংশ মানুষ মনে করেন যুক্তরাষ্ট্র পাকিস্তানের বন্ধু। তবে ইমরান সরকার অনাস্থা প্রস্তাবের জন্য যুক্তরাষ্ট্রকে যে দায়ী করছে, তা মানতে রাজি নন ৬৪ শতাংশ মানুষ। তাঁরা মনে করেন, উচ্চ মুদ্রাস্ফীতির কারণে সংকটের সমাধান না করতে পারায় এমন পদক্ষেপ নিয়েছে বিরোধী দলগুলো। প্রদেশভেদেও আলাদা পরিসংখ্যান উল্লেখ করেছে গ্যালাপ। সিন্ধু প্রদেশের ৭৪ শতাংশ, পাঞ্জাবের ৬২ শতাংশ এবং খাইবার পাখতুনখাওয়ার ৫৯ শতাংশ বাসিন্দা মনে করেন, সরকারের ব্যর্থতার কারণেই বিরোধী দলগুলো এমন পদক্ষেপ নিয়েছে।
গ্যালাপের আরেকটি জরিপে দেখা গেছে, গত সাড়ে তিন বছরে পিটিআই সরকার যেসব কার্যক্রম চালিয়েছে, তাতে ৫৪ শতাংশ মানুষ হতাশ। আর ৪৬ শতাংশ মনে করেন, সরকারের কার্যক্রমে কোনো ত্রুটি ছিল না।
খাইবার পাখতুখাওয়ার ৬০ শতাংশ মানুষ কেন্দ্রীয় সরকারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন, ৪০ শতাংশ হতাশা জানিয়েছেন এবং সিন্ধু প্রদেশের ৪৩ শতাংশ বাসিন্দা ইমরান খানের কাজে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর ৫৭ শতাংশ মানুষ তত সন্তুষ্ট হতে পারেননি। নতুন নির্বাচনের পদক্ষেপ নেওয়ায় ইমরান খানের প্রশংসা করেছেন ৬৮ শতাংশ মানুষ।
পাঞ্জাব প্রদেশে ৪৫ শতাংশ মানুষের কাছে ইমরানের কাজ গ্রহণযোগ্যতা পেয়েছে। আর ৫৫ শতাংশ তাঁর কাজে সন্তুষ্ট হতে পারেননি।