ইয়েমেনে অস্ত্রবিরতি অমান্য করে হামলা
গৃহযুদ্ধকবলিত ইয়েমেনে অস্ত্রবিরতি চালু হওয়ার কিছুক্ষণ পরই তা লঙ্ঘন করা হয়েছে। রাজধানী সানার বাসিন্দারা জানান, সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী শিয়া হুতি বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে। যুদ্ধকবলিত মানুষকে জরুরি সহায়তা পৌঁছে দিতে জাতিসংঘের মধ্যস্থতায় গত শুক্রবার মধ্যরাত থেকে ছয় দিনের ওই অস্ত্রবিরতি শুরু হয়েছিল। খবর এএফপি ও বিবিসির।
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর তায়েজ এবং বন্দরনগর এডেনেও গতকাল শনিবার বিমান হামলার খবর পাওয়া যায়।
ইয়েমেনে ক্ষমতা দখলকারী শিয়া হুতি বিদ্রোহীদের ওপর সুন্নিপ্রধান সৌদি জোট গত মার্চে বিমান হামলা শুরু করার পর থেকে দেশটিতে অন্তত তিন হাজার মানুষ নিহত হয়েছে। সাহায্য সংস্থাগুলো বলছে, গত কয়েক মাসের লড়াইয়ে সেখানে মানবিক সংকটের পরিস্থিতি আগের চেয়ে আরও খারাপ হয়েছে। দেশটির আড়াই কোটি মানুষের অন্তত ৮০ শতাংশেরই এখন সাহায্য প্রয়োজন।
রাজধানী সানা শহর বর্তমানে বিদ্রোহী হুতি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সেখানকার পশ্চিম অংশে গতকাল চার থেকে পাঁচ দফা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। এদিন বিদ্রোহীদের ব্যবহৃত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।
ইয়েমেনে কয়েক মাস ধরে চলা সংঘাতের কয়েকটি পক্ষ রয়েছে। তবে মূল লড়াইটি হচ্ছে দেশ ছাড়তে বাধ্য হওয়া প্রেসিডেন্ট মানসুর হাদির অনুগত বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে। প্রেসিডেন্ট হাদি গত ফেব্রুয়ারিতে রাজধানী সানা ছেড়ে প্রতিবেশী সৌদি আরবে চলে যান। মানসুর হাদির অনুরোধে সৌদি আরব উপসাগরীয় আরব দেশগুলোকে সঙ্গে নিয়ে হুতি বাহিনীর ওপর বিমান হামলা শুরু করে। ।