ইয়েমেনে আল-কায়েদার ছদ্মবেশী জঙ্গিদের হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে সেনাদের গুলিতে ছদ্মবেশী কয়েকজন আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের পরনে বোরকা ছিল বলে সেনাবাহিনী সূত্র বলেছে। গতকাল রোববার সৌদি আরব ও ইয়েমেনের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
কর্তৃপক্ষ জানিয়েছে, বোরকা পরা একদল জঙ্গি একটি গাড়িতে চড়ে সৌদি আরবের দিকে যাচ্ছিল। উত্তর ইয়েমেনের হাওধ সীমান্তে এক তল্লাশিচৌকিতে তাদের গাড়ি থামানো হয়। তল্লাশির উদ্দেশ্যে একজন সেনাসদস্য গাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে এক জঙ্গি তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে তিনি আহত হন। পরে অন্য সেনাদের পাল্টা গুলিতে জঙ্গিরা নিহত হয়। ইয়েমেনে আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) মূল ঘাঁটি।
গোলাগুলির ঘটনায় নিষিদ্ধ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটির কতজন সদস্য নিহত হয়েছে, এ নিয়ে মতপার্থক্য রয়েছে। সরকারের একটি সূত্রের দাবি, সেনাদের গুলিতে তিন জঙ্গি নিহত হয়েছে। অন্য একটি সূত্রের পক্ষ থেকে বলা হয়েছে, এ সংখ্যা পাঁচ।
এ ছাড়া গুলিতে জঙ্গিদের গাড়িচালক আহত হয়েছেন। পরে তিনি পুলিশের কাছে স্বীকার করেন, গাড়ির যাত্রীরা সবাই ছিল আল-কায়েদা সদস্য। জঙ্গিরা ছদ্মবেশে সীমান্ত পাড়ি দিয়ে সৌদি সীমান্তরক্ষা বাহিনীর ওপর হামলা চালাতে যাচ্ছিল।
সাম্প্রতিক সময়ে একিউএপি ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে ব্যাপক তৎপরতা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, সারা বিশ্বে আল-কায়েদার শাখাগুলোর মধ্যে একিউএপি-ই সবচেয়ে শক্তিশালী।